দুর্গাপুরে মমতার পদযাত্রায় জনসমুদ্র, কবি দত্তের সমর্থনে শক্তিপ্রদর্শন তৃণমূলের!
নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর বাড়াল তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী কবি দত্তের সমর্থনে বিশাল পদযাত্রায় অংশ নিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা জুড়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী প্রদীপ মজুমদার, পশ্চিম কেন্দ্রের প্রার্থী কবি দত্ত এবং পাণ্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী।পদযাত্রাকে ঘিরে সকাল থেকেই এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে রাস্তায়।
হাজার হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে বেনাচিতি বাজার এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। রাস্তার দু’ধারে উপচে পড়া ভিড়, ঢাক-কাঁসর ও শঙ্খধ্বনিতে মুখরিত পরিবেশ, আর সর্বত্র “জয় বাংলা” স্লোগানে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।পদযাত্রার পথে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বরণডালা নিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। কোথাও ফুল বর্ষণ, কোথাও বা করতালির মধ্য দিয়ে অভ্যর্থনা—সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে রাজনৈতিক কর্মসূচি। অন্যদিকে, কখনও হাত নেড়ে, কখনও হাতজোড় করে রাস্তার ধারে দাঁড়ানো সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী।এই পদযাত্রাকে কেন্দ্র করে দুর্গাপুরে তৃণমূলের শক্তিপ্রদর্শন যে নজর কেড়েছে, তা বলাই বাহুল্য। নির্বাচনের আগে এই জনসমাগম রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।