টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

নিজস্ব সংবাদদাতা : টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল।

জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে।

একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজার, রেল স্টেশন, বাসস্ট্যান্ড এবং বিধাননগরের স্টিল পার্ক এলাকায়। বীরভানপুর গ্রামের একাংশও জলমগ্ন হয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।শহরের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দুর্গাপুরে ঢোকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাতেও জমেছে জল। কোথাও আবার রাস্তার উপর তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে দুর্গাপুরের বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকে আসা মানুষজনও সমস্যায় পড়ছেন।

দীর্ঘক্ষণ জল জমে থাকায় অনেক জায়গায় রাস্তার গর্তও বোঝা যাচ্ছে না। ফলে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।জল জমে থাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক জায়গায় পথচারীদেরও জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি থামার পরও দীর্ঘক্ষণ জমা জল নিষ্কাশন না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এদিকে, একাধিক এলাকায় দীর্ঘসময় জল জমে থাকায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের অভিযোগ, প্রতি বছর বর্ষায় একই ধরনের সমস্যার মুখে পড়তে হয়।

দ্রুত জমা জল নিষ্কাশনের পাশাপাশি ভবিষ্যতে যাতে সামান্য বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি জলমগ্ন না হয়ে পড়ে, তার জন্য স্থায়ী ও কার্যকর নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁরা।নিম্নচাপের জেরে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় শহরের জলমগ্ন পরিস্থিতি আগামী দিনে আরও কতটা জটিল হয়, এখন সেদিকেই নজর দুর্গাপুরবাসীর।