দুর্গাপুরে জরুরি স্বাস্থ্যসেবায় বড় পদক্ষেপ — রেডক্রশকে আধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিল এনএসপিসিএল!
নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরে জরুরি স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল এনটিপিসি সেল পাওয়ার কোম্পানি লিমিটেড (এনএসপিসিএল)। সংস্থার তরফে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, দুর্গাপুর শাখাকে একটি সম্পূর্ণ আধুনিক অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (ALS) মোবাইল মেডিকেল অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি তৈরি হয়েছে ফোর্স ট্র্যাভেলার SHCS FORCE 3350WB ALS (8+P) মডেলের উপর ভিত্তি করে। অ্যাম্বুলেন্সটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে গুরুতর অসুস্থ বা দুর্ঘটনাগ্রস্ত রোগীদের হাসপাতালে পৌঁছানোর আগেই প্রয়োজনীয় জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়া যায়।
ফলে দুর্গাপুর ও আশপাশের এলাকায় দ্রুত এবং কার্যকর জরুরি চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে। অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামসহ এই অ্যাম্বুলেন্সটির মোট খরচ হয়েছে ৩৩ লক্ষ ৩১ হাজার ২৮৫ টাকা। ৫ই মার্চ বৃহস্পতিবার, দুর্গাপুরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের এসডিএম সুমন বিশ্বাস, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জী, কমিশনার এ.কে. আজাদ ইসলাম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসপিসিএলের বিজনেস ইউনিট হেড মোহিত জৈন, এজিএম (ওঅ্যান্ডএম) মনোজ কুমার, এজিএম (সি অ্যান্ড এম) দিব্য প্রকাশ মহাপাত্র, এজিএম (এমএম) নিরোজ কুমার প্যাটেল, এজিএম (অপারেশন) সঞ্জীব কুমার সাহু, এজিএম (এইচআর) অনুরাগ শ্রীবাস্তব, ডিজিএম (এফ অ্যান্ড এ) শ্বেতা আগরওয়াল, ডিজিএম (এইচআর) রশ্মি শুক্লা, সিনিয়র সহকারী কর্মকর্তা (এইচআর) বিধি গোয়েল সহ চিকিৎসক ড. সুব্রত মুখোপাধ্যায় এবং বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম আজাদ ইসলাম সহ বহু গণ্যমান্য ব্যক্তি।
এই উদ্যোগের মাধ্যমে এনএসপিসিএল আবারও প্রমাণ করল যে, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করা তাদের অন্যতম অঙ্গীকার। দুর্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থায় এই আধুনিক অ্যাম্বুলেন্স নিঃসন্দেহে এক নতুন সংযোজন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।