স্বাধীনতা দিবসে মানবিক উদ্যোগ, দুর্গাপুরে রেডক্রসের ছানি অপারেশন শিবির!

নিজস্ব সংবাদদাতা : দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় রেডক্রস সোসাইটির দুর্গাপুর শাখায় জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি নেওয়া হল এক মানবিক উদ্যোগ। স্বাধীনতা দিবসের দিনই সংস্থার নিজস্ব ভবনে আয়োজন করা হয় চক্ষু ছানি অপারেশন শিবিরের।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন দুর্গাপুরের এসডিএম তথা ভারতীয় রেডক্রস সোসাইটির দুর্গাপুর শাখার চেয়ারপারসন অঙ্কিতা আগরওয়াল (IAS)। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচির সূচনা হয়।

এরপর রেডক্রস সোসাইটির নিজস্ব ভবনে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সুব্রত মুখার্জির তত্ত্বাবধানে এই চক্ষু অস্ত্রোপচার সম্পন্ন হয়। আর্থিকভাবে পিছিয়ে থাকা বা চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন মানুষের কাছে চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি চিকিৎসা পরিষেবার এই উদ্যোগ ভারতীয় রেডক্রস সোসাইটির মানবিক ভূমিকার দৃষ্টান্ত হয়ে উঠেছে। অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও স্বেচ্ছাসেবীরাও এই উদ্যোগকে স্বাগত জানান।স্বাধীনতার আনন্দকে মানুষের সেবার সঙ্গে যুক্ত করে দুর্গাপুর শাখার এই উদ্যোগে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ বার্তা—মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার অন্যতম শ্রেষ্ঠ পরিচয়।