দিল্লির নীতিনির্ধারণে বাঙালির বড় উত্থান—নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন অশোক লাহিড়ী!

নিজস্ব সংবাদদাতা : ভারতের অর্থনৈতিক নীতিনির্ধারণে আবারও উজ্জ্বল হয়ে উঠল বাঙালি মেধা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অশোক লাহিড়ী-কে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা নীতি আয়োগ-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি-র টিকিট না পেলেও, জাতীয় স্তরে এই বড় দায়িত্ব তাঁর অভিজ্ঞতারই স্বীকৃতি বলে মনে করা হচ্ছে।২০২১ সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন অশোক লাহিড়ী। তবে এবারের নির্বাচনে তাঁকে প্রার্থী না করায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে তাঁকে দেশের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থার গুরুত্বপূর্ণ পদে বসানো হল। তিনি বর্তমান ভাইস চেয়ারম্যান সুমন বেরি-র স্থলাভিষিক্ত হবেন।উল্লেখ্য, নীতি আয়োগ-এর চেয়ারম্যান পদে রয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী। ভাইস চেয়ারম্যান হিসেবে লাহিড়ী সরাসরি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করবেন। এই পদমর্যাদা কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য, যা দায়িত্বের গুরুত্ব আরও বাড়িয়ে দেয়।অর্থনীতির জগতে অশোক লাহিড়ী-র অভিজ্ঞতা দীর্ঘদিনের। তিনি পূর্বে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (Chief Economic Adviser) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দ্বাদশ অর্থ কমিশনের সদস্য এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এর মতো আন্তর্জাতিক মঞ্চেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।বিশেষজ্ঞদের মতে, প্রতিরক্ষা ও ভূ-রাজনীতির পাশাপাশি দেশের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী করতে এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লাহিড়ীর অভিজ্ঞতা ও দক্ষতা আগামী দিনে ভারতের উন্নয়ন নীতিতে নতুন দিশা দেখাতে পারে বলেই মত অনেকের।