রেড রোড থেকে ইডেন গার্ডেন্স, বর্ণাঢ্য শোভাযাত্রায় দুর্গাপুজোর সূচনা! ৩ হাজার ড্রোনে ফুটে উঠবে দেবীর আগমনী!

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর সূচনা ঘিরে এবার কলকাতায় বিশেষ আয়োজন করেছে রাজ্য সরকার। মহালয়ার দিন, শনিবার রেড রোড থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার লোকসংস্কৃতি, নাচ-গান এবং নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই বিশেষ অনুষ্ঠান।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ বাংলার ২৩টি জেলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী। রেড রোডের দু’পাশে বিভিন্ন জেলার শিল্পীরা নিজেদের লোকসংস্কৃতি তুলে ধরেন। ছৌ নাচ, বাউল গান, ভাওয়াইয়া-সহ বাংলার বিভিন্ন লোকনৃত্য ও লোকসংগীতের পরিবেশনা অনুষ্ঠানে যোগ করেছে বাড়তি মাত্রা।ইডেন গার্ডেন্সে মূল অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ কয়েক হাজার ঢাকির সম্মিলিত বাদ্যি ও শঙ্খধ্বনি।

পাশাপাশি প্রায় ৩ হাজার ড্রোনের বিশেষ প্রদর্শনীর মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে দেবী দুর্গার আগমনের নানা দৃশ্য। আলো, শব্দ ও প্রযুক্তির সমন্বয়ে এই আয়োজন দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি থাকছে পুজোর গান ও বিশিষ্ট শিল্পীদের পরিবেশনা।দুর্গাপুজোর আগমনী আবহ তৈরি হয় ভোর থেকেই। হুগলি নদীর তীরবর্তী বাবুঘাট, আহিরীটোলা ঘাট, জাজেস ঘাট, নিমতলা ঘাট ও বাজে কদমতলা ঘাটে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কালজয়ী কণ্ঠে ‘মহিষাসুরমর্দিনী’ সম্প্রচারের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার বিশেষ সকাল।সব মিলিয়ে বাংলার ঐতিহ্য, লোকসংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে কলকাতায় মহালয়া উপলক্ষে রাজ্য সরকারের এই বিশেষ আয়োজন দুর্গাপুজোর উৎসবমুখর পরিবেশকে আরও বর্ণময় করে তুলেছে।