বই আর জাতীয় পতাকা হাতে প্রতিবাদ, নিট কেলেঙ্কারিতে সরব ককরোচ জনতা পার্টি!
নিজস্ব সংবাদদাতা : নিট পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে বিতর্কের আবহে শনিবার দিল্লির যন্তরমন্তরে নজর কাড়ল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র বিক্ষোভ কর্মসূচি। সংগঠনের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে।সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলন মঞ্চ থেকে বলেন, “আরশোলা সহজে ভয় পায় না, মরেও না। তাই এই লড়াই চলবে।” তাঁর বক্তব্য, দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ রক্ষার স্বার্থেই এই আন্দোলন।পুলিশের অনুমতি নিয়ে যন্তরমন্তরে অনুষ্ঠিত এই ধর্না-বিক্ষোভে অংশ নেন বহু সমর্থক। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ধর্না মঞ্চে ছিল ‘ককরোচদের জনজোয়ার’। আন্দোলনকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও বই, যা শিক্ষার অধিকার এবং স্বচ্ছ পরীক্ষাব্যবস্থার দাবির প্রতীক হিসেবে তুলে ধরা হয়।এই আন্দোলনে সমর্থন জানান লাদাখের সমাজকর্মী Sonam Wangchuk। তাঁর সমর্থনের পর আন্দোলন আরও আলোচনায় আসে।
বিক্ষোভকে কেন্দ্র করে যন্তরমন্তর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে দিল্লি পুলিশ। বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়। সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের কর্মসূচির প্রতিটি মুহূর্ত ভিডিও রেকর্ড করার আহ্বান জানানো হয় এবং কোনও অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে তা নথিভুক্ত করার পরামর্শ দেওয়া হয়।আয়োজকদের দাবি, এই আন্দোলন কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং শিক্ষার্থীদের অধিকার ও পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতার দাবিতে একটি গণতান্ত্রিক প্রতিবাদ। সংগঠন স্পষ্ট জানিয়েছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়েই পরিচালিত হয়েছে।