মেচেদা স্টেশন থেকে নিখোঁজ বৃদ্ধ বাংলাদেশি নাগরিককে উদ্ধার, তৎপর পাঁশকুড়া জিআরপিএস

তারকেশ কুমার ওঝা:পরিবারের সঙ্গে ট্রেনে বেঙ্গালুরু থেকে হাওড়া আসার পথে মেচেদা স্টেশন থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক প্রবীণ বাংলাদেশি নাগরিককে সফলভাবে উদ্ধার করল পাঁশকুড়া জিআরপিএস। বুধবার সন্ধ্যায় কাপাসডাঙা মোড় এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পুলিশের তৎপরতায় নিখোঁজ ব্যক্তিকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে।জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর পরিবারের সঙ্গে বেঙ্গালুরু থেকে হাওড়ার উদ্দেশ্যে SMVB-হাওড়া এক্সপ্রেসে যাত্রা করেছিলেন ওই প্রবীণ বাংলাদেশি নাগরিক। যাত্রাপথে মেচেদা স্টেশনে কোনওভাবে পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান তিনি। এরপর থেকেই তাঁর আর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না।বিষয়টি জানতে পেরে দ্রুত তল্লাশি অভিযানে নামে পাঁশকুড়া জিআরপিএস। নিখোঁজ ব্যক্তির সন্ধানে আশপাশের একাধিক থানার সঙ্গে সমন্বয় করা হয়। পাশাপাশি স্থানীয় হাসপাতাল, বাসস্ট্যান্ড এবং বিভিন্ন সম্ভাব্য এলাকায় খোঁজ চালানো হয়।দীর্ঘ তল্লাশির পর অবশেষে কাপাসডাঙা মোড় এলাকায় ওই বৃদ্ধের সন্ধান মেলে। সেখান থেকেই তাঁকে নিরাপদে উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়।পুলিশের দ্রুত পদক্ষেপ এবং বিভিন্ন এলাকার প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই এই উদ্ধার অভিযান সফল হয়েছে বলে জানা গিয়েছে। প্রবীণ ওই নাগরিককে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে পাঁশকুড়া জিআরপিএস।