সম্পত্তি লিখে দেওয়ার পরই বদলে গেল মেয়ের আচরণ! বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, হাবড়ায় গ্রেফতার মেয়ে!
নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪ পরগনার হাবড়ায় বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অসুস্থ বৃদ্ধ বাবা তাঁর সমস্ত সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়েছিলেন। শেষ বয়সে মেয়ের কাছেই যত্ন ও আশ্রয় পাবেন—এই আশাতেই তাঁকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিল মেয়ে। কিন্তু অভিযোগ, সম্পত্তি নিজের নামে হওয়ার পর থেকেই বাবার উপর শুরু হয় শারীরিক নির্যাতন।সম্প্রতি ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে এক বৃদ্ধকে চুল ধরে টানতে, মাটিতে ফেলে মারধর করতে এবং লাথি মারতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। মারধরের জেরে বৃদ্ধের চোখেও আঘাত লাগে বলে অভিযোগ।ঘটনাটি গোপনে ক্যামেরাবন্দি করেছিলেন এক প্রতিবেশী। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি প্রকাশ্যে আসে। খবর পেয়ে হাবড়া থানার পুলিশ পদক্ষেপ করে এবং বৃদ্ধকে মারধরের অভিযোগে তাঁর মেয়েকে গ্রেফতার করে।ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। যে বাবা-মা সন্তানকে বড় করতে জীবনের সঞ্চয় ও শ্রম উজাড় করে দেন, তাঁদের জীবনের শেষ প্রান্তে এমন নির্যাতনের অভিযোগ সমাজের মূল্যবোধ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে।তবে ঘটনার সম্পূর্ণ সত্যতা ও নির্যাতনের সমস্ত দিক তদন্তের পরই স্পষ্ট হবে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।