ভয়মুক্ত ভোটে জোর—পূর্ব মেদিনীপুরে কড়া বার্তা মুখ্য নির্বাচন আধিকারিকের!

নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুর জেলায় তিন দিনের সফরে এসে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। ৪ঠা এপ্রিল, শনিবার জেলায় পৌঁছেই প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। বৈঠক শেষে স্পষ্টভাবে জানিয়ে দেন, স্পর্শকাতর বুথগুলিতে তিনি নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন। তাঁর মূল লক্ষ্য—ভয়মুক্ত ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করা।এদিন বিকেলে জেলাশাসক নিরঞ্জন কুমার, পশ্চিমাঞ্চলের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বিশাল গর্গ এবং জেলা পুলিশ সুপার অংশুমান সাহার উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পূর্ববর্তী নির্বাচনে যে সব এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল, সেগুলির নিরাপত্তা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

বৈঠক শেষে তিনি জানান, জেলায় প্রায় ৪০ লক্ষ ভোটার রয়েছেন। এত বিপুল সংখ্যক ভোটারের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই কমিশনের প্রধান অগ্রাধিকার। তাঁর কথায়, প্রত্যেক ভোটার যাতে কোনও ভয় বা চাপ ছাড়াই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ তৈরি করতেই এই সফর।তিনি আরও জানান, যেসব এলাকায় অতীতে আইনশৃঙ্খলার সমস্যা দেখা গিয়েছিল, সেখানে তিনি নিজে পরিদর্শনে যাবেন। রবিবার জেলাশাসককে সঙ্গে নিয়ে তিনি সেই সব স্পর্শকাতর এলাকায় সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন।

শুধু প্রশাসনিক বৈঠকে সীমাবদ্ধ না থেকে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন বলে জানান তিনি।এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে তিনি বলেন, ভোট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন একযোগে কাজ করে নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত।রাজনৈতিক মহলের মতে, আগের নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই কমিশন এবার আরও সতর্ক ভূমিকা নিয়েছে। স্পর্শকাতর এলাকায় সরাসরি নজরদারি বাড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ জোরদার করার এই পদক্ষেপ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থারই ইঙ্গিত দিচ্ছে।