শহিদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস, ৭০ দুঃস্থ পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রী

নিজস্ব সংবাদদাতা : শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করল ইমারজেন্সি ব্লাড ফাউন্ডেশন। প্রতি বছরের মতো এবারও সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর নানা সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। মঙ্গলবার সকালে হবিবপুরে মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর বসতভিটেতে তাঁর মূর্তিতে মাল্যদান ও স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মেদিনীপুরের আমতলায় ভগিনী নিবেদিতা ও মাদার টেরেজার মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়।এই পর্বে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাহুল কোলে, গোপাল সাহা, অরূপ সিংহ, প্রভাত কামিল্যা ও সৌমেন হেলানী। প্রারম্ভিক বক্তব্যে রাহুল কোলে শহিদ ক্ষুদিরামের আত্মত্যাগ ও তাঁর আদর্শের কথা স্মরণ করেন।
এরপর সংগঠনের প্রতিনিধিরা মেদিনীপুর সদর ব্লকের শিরোমণি গ্রামে পৌঁছন। সেখানে ক্ষুদিরাম বসুর ছবিতে শ্রদ্ধা নিবেদনের পর এলাকার প্রায় ৭০ জন দুঃস্থ ছাত্রছাত্রীর হাতে খাতা, কলম ও চকলেট তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের হাতে রাখী পরিয়ে সৌভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তাও দেওয়া হয়।অনুষ্ঠান সফল করতে উপস্থিত ছিলেন সমাজসেবী শমিত দাস, অজয় জানা, সন্দীপ করম, প্রদীপ বাসুলি-সহ সংগঠনের সদস্য রাহুল কোলে, অরূপ সিংহ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।সংগঠনের পক্ষ থেকে রাহুল কোলে বলেন, শহিদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসকেই তাঁরা প্রতিষ্ঠা দিবস হিসেবে বেছে নিয়ে প্রতিবছর সামাজিক কাজের মাধ্যমে দিনটি পালন করেন। প্রত্যন্ত গ্রামের পড়ুয়াদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি সারা বছর রক্তদান শিবির ও বিভিন্ন জরুরি জনসেবামূলক কর্মসূচিও চালিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।