আবেগ না রাজনীতি? পানিহাটিতে প্রার্থী ‘অভয়ার মা’, চমকে দিল বিজেপি
নিজস্ব সংবাদদাতা: জল্পনা শেষ করে অবশেষে পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। দলের তৃতীয় প্রার্থী তালিকায় সবচেয়ে চমকপ্রদ নাম হিসেবে উঠে এসেছে অভয়ার মা রত্না দেবনাথের নাম। বুধবার সন্ধ্যায় প্রকাশিত ১৯ জনের তালিকায় তাঁকেই পানিহাটি থেকে প্রার্থী করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, আর জি কর কাণ্ডের আবেগকে হাতিয়ার করেই এই কেন্দ্রে বাজিমাত করতে চাইছে গেরুয়া শিবির। দিল্লির নির্ভয়া কাণ্ড-এর সঙ্গে সাযুজ্য রেখে আর জি করের নির্যাতিতার নাম দেওয়া হয়েছিল ‘অভয়া’। সেই আবেগকে সামনে রেখেই এবার নির্বাচনী লড়াইয়ে নামছেন তাঁর মা। উল্লেখ্য, সম্প্রতি অভয়ার মা-বাবা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন এবং সুবিচারের দাবিতে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, বিরোধীরা তাঁদের ইস্যুতে শুধুই রাজনীতি করেছে। বিজেপি ক্ষমতায় এলে প্রকৃত বিচার মিলবে বলেই তাঁদের আশা। তবে এই প্রার্থী ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে বিতর্কও। সোশ্যাল মিডিয়ায় একাংশের দাবি, ব্যক্তিগত শোককে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে। এমনকি বিজেপির অন্দরেও এই সিদ্ধান্ত নিয়ে মতভেদ তৈরি হয়েছে বলে সূত্রের খবর। সব বিতর্কের মাঝেই একথা স্পষ্ট—পানিহাটি কেন্দ্রে এবার আবেগ বনাম রাজনীতির লড়াই আরও তীব্র হতে চলেছে।