ধর্মঘটের জেরে স্কুল বন্ধ, ক্লাসরুমে ঢুকে শিক্ষকের উপর চড়াও পঞ্চায়েত প্রধান—বাঁকুড়ায় চাঞ্চল্য!

নিজস্ব সংবাদদাতা : শিক্ষকদের ধর্মঘটে সামিল হওয়ার কারণে আগের দিন স্কুল বন্ধ ছিল। সেই বিষয়কে কেন্দ্র করেই শনিবার বাঁকুড়ায় চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠল। ধর্মঘটের দিনে কেন স্কুল বন্ধ ছিল—এই প্রশ্ন তুলে সরাসরি স্কুলে গিয়ে ক্লাসরুমে ঢুকে শিক্ষকের উপর চড়াও হন স্থানীয় পঞ্চায়েত প্রধান। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।ঘটনাটি ঘটেছে চুনপোড়া প্রাথমিক বিদ্যালয়-এ, যা বড়জোড়া ব্লক-এর অন্তর্গত।

শনিবারের এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ঘিরে শিক্ষক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ, শুক্রবার শিক্ষক সংগঠনের ডাকা ধর্মঘটে স্কুলের একমাত্র শিক্ষক ও শিক্ষিকা দু’জনেই সামিল হওয়ায় সেদিন স্কুল বন্ধ ছিল।

পরদিন শনিবার স্বাভাবিকভাবে পঠনপাঠন শুরু হওয়ার পর আচমকাই কয়েকজন অনুগামীকে নিয়ে স্কুলে হাজির হন ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল।সেই সময় একটি ক্লাসরুমে পড়াচ্ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সৌভিক চট্টোপাধ্যায়।

অভিযোগ, বিনা অনুমতিতে ক্লাসরুমে ঢুকে তিনি প্রধান শিক্ষকের সঙ্গে তুমুল বচসা শুরু করেন এবং ধর্মঘটের দিনে কেন স্কুল বন্ধ ছিল তা নিয়ে জবাবদিহি চান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পড়ুয়াদেরও ক্লাসরুম থেকে জোর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর শিক্ষক সমাজে ক্ষোভ ছড়িয়েছে। অভিযুক্ত পঞ্চায়েত প্রধানসহ জড়িত তৃণমূল নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে বিভিন্ন প্রাথমিক শিক্ষক সংগঠন। তারা হুঁশিয়ারি দিয়েছে, যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে সোমবার থেকে পাল্টা আন্দোলনে নামা হবে।