মেধা তালিকায় চমক মেদিনীপুরের অগ্নিভর, পুনর্মূল্যায়নে বেড়ে গেল ৩ নম্বর!
নিজস্ব সংবাদদাতা : স্ক্রুটিনির ফল প্রকাশের পর মেধা তালিকায় বড় সাফল্য মেদিনীপুরের ছাত্র অগ্নিভর পাত্রের। পুনর্মূল্যায়নের ফলে অতিরিক্ত ৩ নম্বর পেয়ে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাজ্য মেধা তালিকায় নবম স্থান অর্জন করেছে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের এই কৃতী ছাত্র।উচ্চ মাধ্যমিকের মূল ফল প্রকাশের সময় অগ্নিভর প্রাপ্ত নম্বর ছিল ৪৮৫। মাত্র কয়েক নম্বরের জন্য সে মেধা তালিকায় স্থান পায়নি। তবে স্ক্রুটিনির আবেদন করার পর তার নম্বর বেড়ে দাঁড়ায় ৪৮৮। আর সেই অতিরিক্ত ৩ নম্বরই তাকে রাজ্যের মেধা তালিকায় নবম স্থানে পৌঁছে দিয়েছে।উল্লেখযোগ্যভাবে, অগ্নিভ এর আগেও কৃতিত্বের পরিচয় দিয়েছিল। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় সে রাজ্যের দশম স্থান অধিকার করেছিল। এবারও বিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে উচ্চ মাধ্যমিকে উল্লেখযোগ্য ফল করে নিজের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখল।অগ্নিভর বাবা গণেশচন্দ্র পাত্র শালবনী হাইস্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক এবং মা জ্যোৎস্না বেজ পাত্র বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষিকা। তার দিদি ঈশিকা পাত্র একজন বি-টেক ইঞ্জিনিয়ার। মেদিনীপুর শহরের গোলাকুঁয়ারচক এলাকার ডাঃ সাধুর গলিতেই তাদের বাস।ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে অগ্নিভ। বর্তমানে সে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা 'নিট' পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত।অগ্নিভর এই সাফল্যে উচ্ছ্বসিত মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া সহ সমগ্র স্কুল পরিবার। খুশি পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীরাও। উল্লেখ্য, অগ্নিভর নবম স্থান অর্জনের ফলে এবার উচ্চ মাধ্যমিকের রাজ্য মেধা তালিকায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দুই ছাত্র স্থান করে নিল। এর আগে ৪৮৯ নম্বর পেয়ে অষ্টম স্থান অর্জন করেছিল একই বিদ্যালয়ের ছাত্র ধৃতিমান পাল।