মহাকাশে ভারতের ঐতিহাসিক উড়ান, বিক্রম-১ সাফল্যে উজ্জ্বল আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র!

নিজস্ব সংবাদদাতা : ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে বেসরকারি উদ্যোগে নির্মিত কক্ষপথগামী রকেট ‘বিক্রম-১’। এই ঐতিহাসিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আইআইটি খড়গপুরের প্রাক্তন ছাত্র এবং স্কাইরুট অ্যারোস্পেস-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও পবন কুমার চন্দনা। তাঁর নেতৃত্বে বিক্রম-১ মিশনের সফল উৎক্ষেপণে গর্ব প্রকাশ করেছে আইআইটি খড়গপুর।২০০৭ থেকে ২০১২ ব্যাচের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডুয়াল ডিগ্রি (বি.টেক.-এম.টেক.) প্রাপ্ত পবন কুমার চন্দনা কর্মজীবন শুরু করেছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র বিজ্ঞানী হিসেবে।

পরবর্তীতে তিনি সহ-প্রতিষ্ঠা করেন স্কাইরুট অ্যারোস্পেস, যা বর্তমানে ভারতের অন্যতম শীর্ষ বেসরকারি মহাকাশ প্রযুক্তি সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে।আইআইটি খড়গপুর জানিয়েছে, শ্রেণিকক্ষ থেকে দেশের বাণিজ্যিক মহাকাশ কর্মসূচির নেতৃত্বে পৌঁছনোর পবনের এই সাফল্যের যাত্রা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং উদ্ভাবন, গবেষণা ও উদ্যোক্তা তৈরিতে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

বিক্রম-১ মিশনের সফল উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পবন কুমার চন্দনার সৌজন্য সাক্ষাৎও দেশের তরুণ বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তি উদ্যোক্তাদের প্রতি সরকারের আস্থা এবং মহাকাশ ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সম্ভাবনার প্রতীক হিসেবে উঠে এসেছে।

আইআইটি খড়গপুরের পক্ষ থেকে স্কাইরুট অ্যারোস্পেসের সমগ্র দল এবং এই ঐতিহাসিক অভিযানের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও সফল উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ প্রযুক্তিতে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।