টিম ইন্ডিয়ার বোলিং কোচ হতে চলেছেন জাহির খান? বড়সড় ইঙ্গিত দিল বিসিসিআই!

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ফাস্ট বোলার হিসেবে পরিচিত Zaheer Khan। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে তাঁর আগুনঝরা পারফরম্যান্স আজও ক্রিকেটপ্রেমীদের মনে তাজা। সেই টুর্নামেন্টে পাকিস্তানের Shahid Afridi-র সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন জাহির। টানা ১৪ বছর ভারতের জার্সিতে খেলেছেন তিনি, আর তাঁর সুইং ও লাইন-লেন্থে তৎকালীন বিশ্বের সেরা ব্যাটাররাও নাস্তানাবুদ হয়েছেন। এবার সেই জাহির খানকে ঘিরেই বড় আপডেট সামনে আসছে। জোর গুঞ্জন, তিনি শীঘ্রই ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন। সূত্রের খবর, Board of Control for Cricket in India ইতিমধ্যেই এই বিষয়ে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।পরবর্তী প্রজন্মের ফাস্ট বোলারদের তৈরি করার লক্ষ্যে বোর্ড জাহির খানের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা যাচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ, চলতি মাসের প্রথম সপ্তাহেই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে একটি বিশেষ প্রশিক্ষণ শিবির পরিচালনা করবেন তিনি।উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরু ভিত্তিক সেন্টার অফ এক্সিলেন্সে ফাস্ট বোলিং কোচ পদে আবেদনপত্র আহ্বান করে বিসিসিআই। ডিসেম্বর মাসে সেখানে ট্রয় কুলির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন কোচের সন্ধান শুরু হয়। সেই জায়গায় জাহির খানকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে বোর্ড। সব কিছু পরিকল্পনা মতো এগোলে, খুব শীঘ্রই টিম ইন্ডিয়ার ডাগ আউটে দেখা যেতে পারে জাহির খানকে—এবার বল হাতে নয়, বরং নতুন প্রজন্মের পেসারদের গড়ে তোলার কারিগর হিসেবে।