‘দাদা’র সঙ্গে দেখা, হাতে স্মারক ব্যাট—পুদুচেরির খুদেদের কলকাতা সফরে স্বপ্নের বিকেল!

নিজস্ব সংবাদদাতা: হাতে প্রিয় ‘দাদা’র অটোগ্রাফ দেওয়া ব্যাট, মুখে অমলিন হাসি—পুদুচেরি থেকে কলকাতায় আসা একদল খুদের কাছে শুক্রবারের বিকেলটা যেন সত্যিই রূপকথার মতো। সরকারি উদ্যোগে কলকাতায় আসা ২০-২২ জন পিছিয়ে পড়া পরিবারের কচিকাঁচাদের স্বপ্নপূরণের সাক্ষী থাকল বেহালার বীরেন রায় রোডের ‘গঙ্গোপাধ্যায় ভবন’। সেখানেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করার সুযোগ পেল তারা।ক্রিকেটের মাঠে যাঁকে এতদিন দূর থেকে দেখেছে, সেই ‘দাদা’কে এদিন একেবারে সামনে পেয়ে উচ্ছ্বাস ধরে রাখতে পারেনি খুদেরা।

সৌরভও প্রথাগত ক্রিকেট আলোচনার বাইরে গিয়ে ছোট্ট অতিথিদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান। নিজের হাতেই তাদের হাতে তুলে দেন উপহার এবং স্মারক ব্যাট। ব্যাটে ছিল তাঁর অটোগ্রাফও। প্রিয় তারকার কাছ থেকে এমন উপহার পেয়ে খুদেদের আনন্দ তখন চোখেমুখে স্পষ্ট।

মহালয়ার ঠিক আগে সৌরভের বাড়িতে এমন রাজকীয় আতিথেয়তা পেয়ে আপ্লুত কচিকাঁচারা। পুদুচেরি থেকে কলকাতায় এসে তাঁদের সফরের তালিকায় রয়েছে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা। পাশাপাশি রাজভবনে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে প্রতিনিধি দলটির।খুদেদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগে নিজেও উচ্ছ্বসিত সৌরভ। আসন্ন দুর্গাপুজোর আগে এই ছোট্ট অতিথিদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে রাজ্যবাসীকেও আগাম শারদ শুভেচ্ছা জানিয়েছেন তিনি।দূর পুদুচেরি থেকে কলকাতা—একদিনের এই সফর হয়তো কচিকাঁচাদের জীবনে ছোট্ট একটি অধ্যায়। কিন্তু হাতে অটোগ্রাফ-সহ ব্যাট আর ‘দাদা’র সঙ্গে দেখা করার সেই মুহূর্ত তাঁদের স্মৃতিতে দীর্ঘদিন রয়ে যাবে।