হিমালয় রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, ১০ গিরিপথে বিশেষ অভিযান শুরু
নিজস্ব সংবাদদাতা : হিমালয়ের বাস্তুতন্ত্র ও হিমবাহ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে দেশের দুর্গম গিরিপথে একের পর এক অভিযান চালিয়ে চলেছে ‘দ্য ম্যাজিকাল ফোর’। সিকিমের চার অ্যাডভেঞ্চারপ্রেমী সদস্য— ভূপেন্দ্র হ্যাং সুব্বা, অনুপ জে বানিয়া, বসন্ত প্রধান ও লভ বর্মনকে নিয়েই গড়ে উঠেছে এই দল। সম্প্রতি তারা হিমালয় অভিযানের দ্বিতীয় পর্ব সফলভাবে সম্পন্ন করেছে।১৯ মে দেশের অন্যতম সর্বোচ্চ মোটরযান চলাচলযোগ্য গিরিপথ ডংখা লা-তে পৌঁছে অভিযান শেষ করে দলটি। ‘সিকিম রাজ্য দিবস’ উপলক্ষে ১৬ মে গ্যাংটক থেকে শুরু হয়েছিল চারদিনের এই কঠিন অভিযান। সেনাবাহিনীর সহযোগিতায় প্রবল বৃষ্টি, তুষারপাত, হিমশীতল আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার মধ্যেও এগিয়ে চলে ‘দ্য ম্যাজিকাল ফোর’।দলের লক্ষ্য দেশের দশটি সর্বোচ্চ মোটরযান চলাচলযোগ্য গিরিপথ জয় করা। যার মধ্যে বিশ্বের সাতটি উচ্চতম গিরিপথও রয়েছে। এবার সিকিম পর্ব শেষ করে তারা তৃতীয় অভিযানের প্রস্তুতি শুরু করেছে। দেরাদুন থেকে মানা পাস হয়ে পরবর্তী অভিযান চলবে। এরপর লাদাখের খারদুং-লা থেকে উমলিং-লা পর্যন্ত হবে চতুর্থ পর্ব।দলের তরফে জানানো হয়েছে, এই অভিযান শুধুমাত্র রোমাঞ্চের জন্য নয়। হিমালয়ের পরিবেশ, হিমবাহ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়ে মানুষকে সচেতন করাই তাদের মূল উদ্দেশ্য। এর আগেও ২০২৪ সালে শ্রীনগর থেকে খারদুং-লা পর্যন্ত অভিযান চালিয়ে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ জায়গা করে নিয়েছিল ‘দ্য ম্যাজিকাল ফোর’।