২০২৬ ফিফা বিশ্বকাপে বড় বদল, আসছে একাধিক নতুন নিয়ম!
নিজস্ব সংবাদদাতা : পূর্ববর্তী বিশ্বকাপগুলোর তুলনায় ২০২৬ ফিফা বিশ্বকাপে ফরম্যাট ও নিয়মে আসতে চলেছে একাধিক বড় পরিবর্তন। খেলাকে আরও দ্রুত, স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক করে তুলতেই এই নতুন নিয়মগুলি কার্যকর করার পরিকল্পনা করছে ফিফা। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে উন্নত সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তির পূর্ণ প্রয়োগ। এর ফলে অফসাইড সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে। সময় নষ্ট কমাতে থ্রো-ইন ও গোল কিকের ক্ষেত্রে নতুন কাউন্টডাউন নিয়ম চালুর সম্ভাবনাও রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শুরু না করলে প্রতিপক্ষের হাতে বলের দখল চলে যেতে পারে।এছাড়াও গোলকিপারদের জন্য বল ধরে রাখার সময়সীমা আরও কঠোর করা হতে পারে।
নির্ধারিত সময়ের বেশি বল হাতে রাখলে প্রতিপক্ষকে কর্নার বা ইনডাইরেক্ট ফ্রি-কিক দেওয়া হতে পারে।খেলোয়াড় পরিবর্তনের ক্ষেত্রেও আসতে পারে নতুন নিয়ম। ইচ্ছাকৃত সময় নষ্ট রুখতে বদলি হওয়া ফুটবলারদের দ্রুত মাঠ ছাড়তে হবে বলে জানা যাচ্ছে।
উত্তর আমেরিকায় গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কথা মাথায় রেখে খেলোয়াড়দের সুরক্ষার জন্য নির্ধারিত ‘কুলিং ব্রেক’ বা জলপানের বিরতির ব্যবস্থাও রাখা হতে পারে। প্রতিটি অর্ধে নির্দিষ্ট সময়ে এই বিরতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।একইসঙ্গে দীর্ঘ টুর্নামেন্ট ও বাড়তি ম্যাচের সংখ্যা বিবেচনা করে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনতে চলেছে ফিফা। শাস্তি ও নিষেধাজ্ঞার নিয়মকে আরও ভারসাম্যপূর্ণ করার দিকেই জোর দেওয়া হচ্ছে।