বিশাল ট্রফি, ৪৮ দেশের পতাকা আর তারকাদের পরিবেশনা—স্বপ্নের উদ্বোধন বিশ্বকাপের!

নিজস্ব সংবাদদাতা : মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল ২০২৬ ফিফা বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে স্টেডিয়ামজুড়ে দেখা গেল সংগীত, সংস্কৃতি এবং বিশ্ব ফুটবলের মিলনমেলা।

বিশাল আকৃতির বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ, রঙিন আলোকসজ্জা এবং শতাধিক শিল্পীর পরিবেশনায় উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয় এক মনোমুগ্ধকর আয়োজনে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীত তারকা বার্না বয়। দু'জনে মিলে পরিবেশন করেন ২০২৬ বিশ্বকাপের জনপ্রিয় থিম সং ‘দাই দাই’, যা উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেয়।

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনেন শাকিরা। সেই বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ আজও ফুটবলপ্রেমীদের কাছে এক আবেগের নাম। এবারও তার মঞ্চ উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয় মেক্সিকোর সমৃদ্ধ অ্যাজটেক ঐতিহ্য ও সংস্কৃতি। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিল্পীদের পরিবেশনায় মাঠজুড়ে সৃষ্টি হয় এক বর্ণিল আবহ। এরপর মেক্সিকান গায়িকা ও গীতিকার লিলা ডাউনস স্প্যানিশ এবং ইংরেজি ভাষায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবলপ্রেমীদের স্বাগত জানান।

“বিশ্ববাসী, মেক্সিকোতে আপনাদের স্বাগতম”— এই বার্তায় মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। গ্যালারিতে তখন সবুজ জার্সিধারী মেক্সিকো সমর্থকদের উল্লাসে তৈরি হয়েছে উৎসবের আবহ।অনুষ্ঠানের আরেকটি বড় আকর্ষণ ছিলেন কলম্বিয়ান তারকা জে বালভিন এবং র‍্যাপার রায়ান কাস্ত্রো। তারা একাধিক জনপ্রিয় গানের মেডলি পরিবেশন করেন। ‘উনা আ লা ভেজ’-এর পাশাপাশি জে বালভিন তার বিশ্বজোড়া জনপ্রিয় গান ‘আই লাইক ইট’ গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন।

এরপর বিশ্বকাপ অ্যাম্বাসেডর সালমা হায়েক পিনো মাঠে এসে আনুষ্ঠানিকভাবে বিশ্বের ৪৮টি অংশগ্রহণকারী দেশ এবং কোটি কোটি ফুটবলপ্রেমীকে স্বাগত জানান। তিনি বলেন, “মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র একসঙ্গে বিশ্বের ৪৮টি দেশকে স্বাগত জানাতে পেরে গর্বিত।”তার বক্তব্যের পর অংশগ্রহণকারী ৪৮টি দেশের জাতীয় পতাকার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানে আন্তর্জাতিকতার এক অনন্য আবহ সৃষ্টি করে।

সবশেষে ইতালীয় কিংবদন্তি টেনর আন্দ্রেয়া বোচেলি এবং গায়িকা এজে পরিবেশন করেন ২০২৬ ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক সঙ্গীত ‘ডিএনএ’। সেই সুরের আবহেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞ— ফিফা বিশ্বকাপ ২০২৬।