টানা তিন বিশ্বকাপে নেই ইতালি, চূড়ান্ত ৪৮ দলের গ্রুপ তালিকায় নজর কাড়ছে একাধিক হাইভোল্টেজ লড়াই!

নিজস্ব সংবাদদাতা : চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। অথচ অবিশ্বাস্য হলেও সত্যি, টানা তৃতীয়বার ফিফা বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে ব্যর্থ আজুরি বাহিনী। ২০১৮, ২০২২-এর পর এবার ২০২৬ বিশ্বকাপেও দেখা যাবে না ইতালিকে। বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে প্লে-অফে টাইব্রেকারে হার মেনে আরও একবার বিশ্বমঞ্চের বাইরে থেকে যেতে হচ্ছে ইউরোপের এই ফুটবল শক্তিকে। এদিকে ১১ জুন থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে চলেছে ইতিহাসের প্রথম ৪৮ দলের ফিফা বিশ্বকাপ। এতদিন ৩২ দলের ফরম্যাটে বিশ্বকাপ হলেও এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৮। দলগুলিকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে, প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে সব গ্রুপের সমীকরণ।

নিচে এক নজরে দেখে নিন ২০২৬ বিশ্বকাপের পূর্ণ গ্রুপ তালিকা

গ্রুপ A: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র
গ্রুপ B: কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার, সুইৎজারল্যান্ড
গ্রুপ C: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ D: আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক
গ্রুপ E: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ F: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া
গ্রুপ G: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ H: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ I: ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে
গ্রুপ J: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন
গ্রুপ K: পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ L: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

বিশ্বকাপের এবারের ফরম্যাটে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে যাবে। সঙ্গে সেরা তৃতীয় স্থানাধিকারী ৮টি দলও জায়গা পাবে শেষ ৩২-এ। ফলে শুরু থেকেই প্রতিটি ম্যাচ হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ। ইতালির অনুপস্থিতি যেমন বড় ধাক্কা, তেমনই ৪৮ দলের নতুন ফরম্যাটে বিশ্বকাপের উত্তেজনা এবার পৌঁছতে চলেছে অন্য উচ্চতায়।