চাপের জবাব মাঠেই, হাইতির বিরুদ্ধে দুরন্ত জয়ে নকআউটের পথে ব্রাজিল!
ব্রাজিল : ৩ | হাইতি : 0
নিজস্ব সংবাদদাতা: জামাইষষ্ঠীর দিন যেন মাঠেও দেখা গেল ব্রাজিলের ‘ভরপুর আপ্যায়ন’। এক নয়, দুই নয়—তিন গোলের দাপটে হাইতিকে উড়িয়ে দিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ প্রথম জয়ের স্বাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেনি কার্লো আনচেলত্তির দল। ফলে দ্বিতীয় ম্যাচে হাইতির বিরুদ্ধে মাঠে নামার আগে চাপ ছিল যথেষ্ট। তবে সেই চাপকে শক্তিতে পরিণত করে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় সেলেসাওদের।ম্যাচে জোড়া গোল করেন মাতেউস কুনহা। অপর গোলটি আসে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে। তাঁদের দুরন্ত পারফরম্যান্সে ৩-০ গোলের জয় তুলে নেয় ব্রাজিল। এই জয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-র শীর্ষে উঠে এসেছে সেলেসাওরা। সমান চার পয়েন্ট থাকলেও গোলপার্থক্যে মরক্কোকে পিছনে ফেলেছে ব্রাজিল। অন্যদিকে, টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে বিশ্বকাপ থেকে হাইতির বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল।
তবে বড় জয়ের রাতেও চিন্তামুক্ত নয় ব্রাজিল শিবির। উদ্বেগের কারণ তারকা উইঙ্গার রাফিনিয়ার চোট। প্রথমার্ধের ৩৯ মিনিটে কোনও বড় সংঘর্ষ ছাড়াই মাঠে বসে পড়েন বার্সেলোনার এই ফুটবলার। পরিস্থিতি বুঝে তাঁকে মাঠের বাইরে তুলে নিতে বাধ্য হন কোচ কার্লো আনচেলত্তি। চোটের প্রকৃতি এখনও স্পষ্ট না হলেও ব্রাজিল সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।তবে স্বস্তির বিষয়, মরক্কোর বিরুদ্ধে যে আক্রমণভাগকে ছন্দহীন দেখিয়েছিল, এদিন সেই বিভাগই ছিল দুরন্ত। কুনহা ও ভিনিসিয়ুসের নেতৃত্বে ব্রাজিলের আক্রমণভাগ ফিরে পেয়েছে আত্মবিশ্বাস।এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে ড্র করলেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত হয়ে যাবে সেলেসাওদের। ফলে আত্মবিশ্বাসী ব্রাজিল এখন পরবর্তী লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত।