সেমিফাইনালের টিকিটের লড়াই: নকআউটে ধুঁকছে আর্জেন্টিনা, সুযোগের অপেক্ষায় সুইজারল্যান্ড

নিজস্ব সংবাদদাতা : ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নজর থাকবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দিকে। যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত এই মহারণে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা মুখোমুখি হবে দুর্দান্ত ছন্দে থাকা সুইজারল্যান্ডের। ম্যাচের জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড ম্যাচের বিজয়ীর।

গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল আর্জেন্টিনা। অস্ট্রিয়া, জর্ডন ও আলজেরিয়াকে হারিয়ে গ্রুপ 'জে'-এর শীর্ষে থেকে নকআউটে ওঠে তারা। পাঁচ ম্যাচেই গোল করে নিজের অসাধারণ ফর্মের প্রমাণ দেন অধিনায়ক লিওনেল মেসি। তবে নকআউট পর্বে কিছুটা হোঁচট খেতে দেখা যায় বিশ্বচ্যাম্পিয়নদের। রাউন্ড অব ৩২-এ অভিষিক্ত কেপ ভার্দের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোয় মিশরের বিরুদ্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েও নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। যদিও সেই ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং মিশর পক্ষপাতিত্বের অভিযোগ তোলে।এই দুটি কঠিন ম্যাচের পর প্রশ্ন উঠতে শুরু করেছে—আর্জেন্টিনা কি সত্যিই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পথে এগোতে পারবে?

অন্যদিকে সুইজারল্যান্ড এবারের বিশ্বকাপে অন্যতম চমক। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল সুইজারল্যান্ড। এবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ পাচ্ছে তারা। গ্রুপ 'বি'-তে অপরাজিত থেকে শীর্ষে উঠে আসে তারা। কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনাকে হারানোর পাশাপাশি কাতারের সঙ্গে ড্র করে নকআউটে ওঠে। রাউন্ড অব ৩২-এ আলজেরিয়াকে ২-০ গোলে হারানোর পর শেষ ষোলোয় কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাজিত করে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইসরা। ব্রিল এম্বোলো এবং তরুণ তারকা জোহান মানজাম্বির পারফরম্যান্স এবারের বিশ্বকাপে সুইজারল্যান্ডকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে। যদিও চোটের কারণে মানজাম্বির খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত শুরু করলেও নকআউটে কিছুটা চাপে পড়েছে আর্জেন্টিনা। অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর সুইজারল্যান্ড ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। ফলে কোয়ার্টার ফাইনালের এই লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ফুটবলপ্রেমীদের চোখ থাকবে—মেসির জাদু নাকি সুইসদের চমক, শেষ পর্যন্ত কে পৌঁছবে বিশ্বকাপের সেমিফাইনালে।