চার দিনের ভারত সফরে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, রাইসিনা সংলাপে প্রধান অতিথি!
নিজস্ব সংবাদদাতা : ভারত-ফিনল্যান্ড সম্পর্ককে আরও মজবুত করতে চার দিনের সরকারি সফরে ভারতে এলেন Alexander Stubb। সফরের আগে তিনি জানান, এই সফর দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়াবে, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলবে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সন্ধ্যায় রাইসিনা সংলাপ-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। এই আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক, কূটনীতিক ও বিশেষজ্ঞরা অংশ নেন। নয়াদিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দরে ফিনিশ রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় জানান, ভারত ও ফিনল্যান্ড-এর মধ্যে দীর্ঘদিনের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রেসিডেন্ট স্টাবের এই সফর সেই সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।এই সফরে প্রেসিডেন্ট স্টাবের সঙ্গে মন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও এসেছে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই Petteri Orpo এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নিতে নয়াদিল্লি সফর করেছিলেন। সেই প্রেক্ষিতেই স্টাবের ভারত সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।সফরের অংশ হিসেবে শুক্রবার (৬ মার্চ ২০২৬) মুম্বাই যাবেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, যেখানে তিনি বিভিন্ন শিল্পপতি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আগামী শনিবার (৭ মার্চ ২০২৬) তাঁর ভারত সফর শেষ হওয়ার কথা।