কলকাতায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, ফুলবাগানের বাড়ি থেকে পাকড়াও কোচবিহার পুলিশের

অভিজিৎ সাহা: রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা (Udayan Guha) উদয়ন গুহ-কে বুধবার কলকাতার ফুলবাগানের বাসভবন থেকে গ্রেপ্তার করেছে কোচবিহার জেলা পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই উদয়ন গুহের খোঁজ চালাচ্ছিল তদন্তকারী দল। অবশেষে বুধবার দুপুরে ফুলবাগানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গিয়েছে। তবে ঠিক কোন মামলায় প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। বিভিন্ন সূত্রে প্রতারণা, আর্থিক তছরুপ, তোলাবাজি বা ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত একাধিক মামলার প্রসঙ্গ সামনে এলেও প্রশাসনের তরফে এখনও কোনও অভিযোগের বিষয়টি নিশ্চিত করা হয়নি। উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্বে ছিলেন উদয়ন গুহ। কোচবিহারের দিনহাটা অঞ্চলে দীর্ঘদিন ধরে তিনি দলের অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর গ্রেপ্তারির ঘটনায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং গ্রেপ্তারের প্রকৃত কারণ জানতে এখন নজর রাজনৈতিক মহলের।