ফ্রি বাস পরিষেবা মহিলাদের জন্য, রাজ্যে বড় সিদ্ধান্ত শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতা : নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে দ্রুত পদক্ষেপ শুরু করল নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। তার মধ্যে সবচেয়ে বড় ঘোষণা, আগামী ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসে সফরের ক্ষেত্রে আর কোনও ভাড়া দিতে হবে না মহিলা যাত্রীদের।নির্বাচনী প্রচারে বিজেপির প্রকাশিত ‘সংকল্প পত্র’-এ মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতিই এবার বাস্তবের পথে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই রাজ্যের মহিলা মহলে খুশির হাওয়া ছড়িয়েছে।শুধু বাসভাড়া মকুব নয়, সোমবারের প্রথম ক্যাবিনেট বৈঠকে মোট ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী জানান, “মানুষের কাছে যে অঙ্গীকার করা হয়েছিল, তা ধাপে ধাপে পূরণ করা হবে।”

মহিলাদের জন্য বড় স্বস্তি

সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা কার্যকর হবে আগামী ১ জুন থেকে। দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটকের মতো রাজ্যগুলিতে আগে থেকেই এই সুবিধা চালু রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গও।

প্রথম ক্যাবিনেটের ছয় বড় সিদ্ধান্ত

প্রথম বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে—

  • ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নেবে রাজ্য সরকার।
  • সীমান্ত সুরক্ষার স্বার্থে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতার নির্মাণের জন্য জমি হস্তান্তরের সিদ্ধান্ত।
  • ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, ‘বিশ্বকর্মা যোজনা’ ও ‘আয়ুষ্মান ভারত’-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে রাজ্যকে যুক্ত করার সিদ্ধান্ত।
  • রাজ্যের আইএএস ও আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি।
  • রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) কার্যকর করার ঘোষণা।
  • দীর্ঘদিন বন্ধ থাকা নিয়োগ প্রক্রিয়ার কথা মাথায় রেখে সরকারি চাকরির আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি।

এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়েও খুব শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নতুন সরকারের প্রথম বৈঠক থেকেই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বার্তা স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।