চৈত্র শেষে বিষ্ণুপুরে ডিহরে গাজনের উন্মাদনা, ষাঁড়েশ্বর মন্দির-শৈলেশ্বর মন্দিরে উপচে পড়া ভিড়!

নিজস্ব সংবাদদাতা :  চৈত্রের শেষ প্রহরে গাজনের আবহে মেতে উঠেছে বিষ্ণুপুর থানার ডিহর। সুপ্রাচীন ষাঁড়েশ্বর মন্দিরশৈলেশ্বর মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে সকাল থেকেই। শিবভক্তদের ঢল, ঢাকের বাদ্যি আর গাজনের আচার-অনুষ্ঠানে উৎসবের রং এখন স্পষ্ট ডিহর জুড়ে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বারকেশ্বর নদের তীরঘেঁষা এই দুই প্রাচীন মন্দিরে প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে গাজন উৎসবের ঐতিহ্য বহন করে আসছে। বাংলা বছরের শেষ কয়েকটি দিনে আশপাশের জনতা, মল্লগ্রাম, মণিপুর, বসন্তপুর, লয়ার, বিদ্যাসাগর, পেনাড়া, দ্বারিকা, জয়কৃষ্ণপুর, ধানগোড়া ও আদলা-সহ একাধিক গ্রামের মানুষ ভিড় জমান এখানে।শুধু গ্রামাঞ্চলই নয়, বিষ্ণুপুর শহর থেকেও অসংখ্য মানুষ এই কয়েক দিনে ডিহরমুখী হন।

ফলে শহরের রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে যায়, অনেক দোকানপাটে ঝাঁপ পড়ে এবং সরকারি অফিসেও উপস্থিতি তুলনামূলক কমে যায়। যেন এই সময়ে সকলের একটাই গন্তব্য— ডিহরের গাজন উৎসব

ঐতিহ্য, ভক্তি আর লোকসংস্কৃতির অনন্য মেলবন্ধনে ডিহরের এই গাজন আজও বাংলার গ্রামীণ উৎসবের এক জীবন্ত নিদর্শন।