ভোটের আগে ভাঙড়ে চাঞ্চল্য—তৃণমূল কর্মীর বাড়ির পেছন থেকে উদ্ধার ৯টি তাজা বোমা!
নিজস্ব সংবাদদাতা : ভোটের আর মাত্র দু’দিন বাকি, তার আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় বিধানসভা এলাকা। রবিবার উত্তর কাশীপুর থানার ছেলেগোয়ালিয়া এলাকায় উদ্ধার হল ৯টি তাজা বোমা, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে একটি তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় তৃণমূল কংগ্রেস-এর এক কর্মীর বাড়ির পিছনের বাগান থেকে একটি ব্যাগের ভিতর বোমাগুলি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আইএসএফ-এর অভিযোগ, এলাকায় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেই তৃণমূল কর্মীরা বোমা মজুত করে রেখেছিল। অন্যদিকে তৃণমূলের দাবি, দলকে কালিমালিপ্ত করতে আইএসএফেরই কেউ এই বোমা রেখে গিয়ে চক্রান্ত করেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।নির্বাচনের মুখে এই ঘটনা ঘিরে নতুন করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।