মুখোমুখি কর্মসূচিতে পুর পরিষেবা নিয়ে বৈঠক, নাগরিক সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস অগ্নিমিত্রার!
নিজস্ব সংবাদদাতা : শুক্রবার, ২১ আগস্ট, মেদিনীপুরে পুর ও নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বিশেষ বৈঠক। জেলাশাসকের মিটিং হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে সভাপতিত্ব করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা।বৈঠকে পুর ও নগর উন্নয়ন দপ্তরের সচিব, মেদিনীপুরের বিধায়ক-সহ অন্যান্য বিধায়ক এবং জেলার বিভিন্ন পুরসভার চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসাররা উপস্থিত ছিলেন। মূলত সাধারণ নাগরিকদের আরও উন্নত, দ্রুত ও সুষ্ঠু পুর পরিষেবা পৌঁছে দেওয়া এবং পুরসভাগুলির বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বিভিন্ন পুরসভার পক্ষ থেকে নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা, পরিকাঠামোগত ঘাটতি এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি মন্ত্রীর সামনে তুলে ধরা হয়। পাশাপাশি পুরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েও মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন পুর প্রতিনিধিরা।
অন্যদিকে, নগরোন্নয়ন দপ্তরের ‘মুখোমুখি’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন অগ্নিমিত্রা পাল। নাগরিকদের বিভিন্ন অভাব-অভিযোগ ও পুর পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা শোনেন তিনি। অভিযোগ ও সমস্যাগুলির গুরুত্ব বুঝে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।পুরসভাগুলির উত্থাপিত সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা পাল। পাশাপাশি পুরসভাগুলির উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও সরকারি সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।মন্ত্রীকে ঘিরে পুর প্রতিনিধি ও সাধারণ মানুষের প্রত্যাশা, আগামী দিনে এই বৈঠকের মাধ্যমে মেদিনীপুরের বিভিন্ন পুরসভায় নাগরিক পরিষেবা আরও কার্যকর হবে এবং দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধান মিলবে।