সামাজিক ন্যায় থেকে জলবায়ু পরিবর্তন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গবেষকদের আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা:সামাজিক ন্যায়, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জলবায়ু সহনশীলতার বার্তা নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল ‘আন্তর্জাতিক সামাজিক বিজ্ঞান কনক্লেভ ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য অনুষদের উদ্যোগে দু’দিনের এই কনক্লেভের মূল বিষয়—‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও জলবায়ু সহনশীলতা’।মঙ্গলবার বিবেকানন্দ সভাগৃহে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ অধ্যাপক অরিন্দম গুপ্ত বলেন, বর্তমান সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত। তাই আন্তঃবিষয়ক গবেষণার মাধ্যমেই এই সমস্যাগুলির কার্যকর সমাধান খুঁজে বের করা সম্ভব।উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর গবেষণার সামাজিক দায়বদ্ধতার ওপর জোর দিয়ে বলেন, গবেষণার সুফল মানুষের জীবন ও সমাজে পৌঁছানো জরুরি। প্রান্তিক মানুষের উন্নয়ন, সামাজিক ন্যায় এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বিশ্ববিদ্যালয় ও গবেষকদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক সুগত মার্জিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লু প্ল্যানেট পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক মোহন মুনাসিংহে। মূল বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৬তম অর্থ কমিশনের সদস্য ড. সৌম্য কান্তি ঘোষ।কনক্লেভে প্রকাশিত হয় ‘স্মরণিকা ও সারসংক্ষেপ সংকলন’। পরে দারিদ্র্য, বৈষম্য, স্বাস্থ্য, শিক্ষা, লিঙ্গ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে একাধিক অধিবেশনে গবেষণাপত্র উপস্থাপন করেন দেশ-বিদেশের গবেষক ও শিক্ষাবিদরা।আন্তঃবিষয়ক গবেষণা, নীতি-নির্ধারণ এবং সমাজের বাস্তব সমস্যার মধ্যে যোগসূত্র তৈরির লক্ষ্যেই এই কনক্লেভের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।