মেদিনীপুর শহরে আবর্জনার স্তূপ, সার্কিট হাউসের সামনেও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষোভ!
নিজস্ব সংবাদদাতা : শহরজুড়ে জমে থাকা আবর্জনা নিয়ে বাড়ছে উদ্বেগ। মেদিনীপুর সার্কিট হাউসের সামনেও দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ। শুধু এই এলাকা নয়, শহরের বিভিন্ন প্রান্তে একই ছবি চোখে পড়ছে বলে অভিযোগ।বিশেষ করে বাজার, হাট, বাসস্ট্যান্ড-সহ শহরের ব্যস্ততম ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে আবর্জনা দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। জমে থাকা ময়লা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এর ফলে রোগজীবাণুর সংক্রমণের আশঙ্কাও বাড়ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ উঠেছে, সাফাই কর্মীদের দীর্ঘদিন বেতন না পাওয়ার জেরে কর্মবিরতি ও বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। যার প্রভাব পড়ছে শহরের নিয়মিত সাফাই ও আবর্জনা অপসারণ ব্যবস্থায়।স্থানীয়দের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করে শহরের বিভিন্ন এলাকা থেকে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হোক। কারণ দীর্ঘদিন ময়লা জমে থাকলে শুধু পরিবেশ দূষণই নয়, জনস্বাস্থ্যের ক্ষেত্রেও বড় সমস্যা তৈরি হতে পারে।উল্লেখ্য, আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, প্রতিটি বাড়ি থেকে নিয়মিত আবর্জনা সংগ্রহ নিশ্চিত করা এবং রাস্তাঘাটে ময়লা ফেলা সম্পূর্ণভাবে বন্ধ করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।কিন্তু সেই লক্ষ্য বাস্তবায়নের মধ্যেই মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে জমে থাকা আবর্জনার ছবি এখন প্রশ্ন তুলে দিচ্ছে শহরের সাফাই ব্যবস্থাপনা নিয়ে। সার্কিট হাউসের মতো গুরুত্বপূর্ণ এলাকার সামনেই যখন দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকার অভিযোগ উঠছে, তখন দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলছেন শহরবাসী।