গড়বেতায় স্বাস্থ্য পরিষেবায় বড় পদক্ষেপ, বিধায়ক তহবিল থেকে কড়সা গ্রাম পঞ্চায়েতে নতুন অ্যাম্বুলেন্স!

অভিজিৎ সাহা : গ্রামীণ এলাকার মানুষ যাতে দ্রুত জরুরি চিকিৎসা পরিষেবা পান, সেই লক্ষ্যেই গরবেতা বিধানসভা এলাকায় বড় উদ্যোগ নেওয়া হল। রাজ্যের মন্ত্রী Srikanta Mahato-র বিধায়ক তহবিল থেকে কড়সা গ্রাম পঞ্চায়েতের জন্য একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। এই পরিষেবা চালু হলে এলাকার অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া অনেকটাই সহজ হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র অনুপ্রেরণায় নেওয়া এই উদ্যোগ বুধবার একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গরবেতা–৩ ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই গ্রামীণ এলাকায় জরুরি চিকিৎসা পরিষেবা নিয়ে সমস্যার মুখে পড়তে হতো সাধারণ মানুষকে।

বিশেষ করে গভীর রাতে অসুস্থতা বা দুর্ঘটনার ঘটনায় রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভোগান্তি বাড়ত। নতুন এই অ্যাম্বুলেন্স চালু হওয়ায় কড়সা গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি আশপাশের গ্রামের মানুষও এর সুবিধা পাবেন।এলাকার বাসিন্দারা জানান, এই উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্থানীয়দের বক্তব্য, মানুষের জরুরি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।