গ্যাস সঙ্কটে ফুঁসছে ঝাড়গ্রাম, রাস্তায় নেমে বিক্ষোভ—স্টেট হাইওয়ে অবরোধে স্তব্ধ যান চলাচল!

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম থানার রঘুনাথপুর এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে গ্রাহকরা পরপর দু’বার রাস্তা আটকে প্রতিবাদ জানান। এর ফলে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। প্রশাসনের আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।রান্নার গ্যাসের চরম সঙ্কটে নাজেহাল স্থানীয় বাসিন্দারা। গ্যাস সিলিন্ডার বুকিংয়ের পর ১০ দিন কেটে গেলেও তা হাতে না পৌঁছনোয় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ।

২৪শে মার্চ মঙ্গলবার সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটল রাস্তায়—গ্রামবাসীরা স্টেট হাইওয়ে ৫ অবরোধ করে তীব্র বিক্ষোভে সামিল হন।স্থানীয়দের অভিযোগ, গ্যাস এজেন্সির চরম গাফিলতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুকিং থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে না, ফলে নিত্যদিনের রান্নাবান্না কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু পরিবার বাধ্য হয়ে কাঠ ও কয়লায় রান্না করছেন, যা যেমন ঝামেলাপূর্ণ, তেমনই স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।এক ক্ষুব্ধ গ্রাহকের কথায়, “১০ দিন আগে গ্যাস বুক করেছি, কিন্তু এখনও পাইনি। এজেন্সির সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মিলছে না।” একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বহু বাসিন্দা, বিশেষ করে গৃহিণীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।ঝাড়গ্রাম ও আশপাশের এলাকায় গত কয়েকদিন ধরেই এই সঙ্কট জারি রয়েছে। এর আগেও একই দাবিতে একাধিকবার বিক্ষোভ ও পথ অবরোধ হয়েছে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি। গ্যাস সরবরাহকারী সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানা গেছে।