ঘাটালকে রেলপথের সঙ্গে যুক্ত করার বড় প্রতিশ্রুতি সামনে রেখেই ভোটের ময়দানে নামলেন ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট!
সুমন মণ্ডল : ঘাটালকে রেলপথের সঙ্গে যুক্ত করার বড় প্রতিশ্রুতি সামনে রেখেই ভোটের ময়দানে বাড়ি বাড়ি প্রচার নামলেন ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি শুরু করলেন এবারের নির্বাচনী প্রচার।ঘাটাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীতল কপাট মনোহনপুর ১ নম্বর অঞ্চলের শ্যামসুন্দরপুর গ্রামে শিব মন্দির ও শীতলা মন্দিরে পুজো দিয়ে প্রচারের শুভ সূচনা করেন। পুজো শেষে তিনি মনোহরপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।
প্রচারের সময় স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যা, চাহিদা ও এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে তাঁদের মতামত শোনেন তিনি। পাশাপাশি উন্নয়নের আশ্বাস দিয়ে শীতল কপাট একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতিও সামনে আনেন—নির্বাচিত হলে এক বছরের মধ্যেই ঘাটালকে রেল লাইনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তাঁর এই প্রচার কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন এলাকায় ঘুরে জোরকদমে প্রচার চালাতে দেখা যায় বিজেপি প্রার্থীকে, যা ভোটের আগে ঘাটালের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।