ঘাটাল ঘোলসাই শিবরাত্রি মেলায় মানবিক উদ্যোগ: ৬৭ দুস্থ শিশুর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, মিলল ফ্রি ওষুধও!
নিজস্ব সংবাদদাতা : ঘাটাল ঘোলসাই শিবরাত্রি মেলা উপলক্ষে এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল ঘাটাল। দুস্থ শিশুদের জন্য আয়োজিত হল বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয় শিবির থেকেই। এই উদ্যোগের আয়োজক ছিল ভারতীয় রেডক্রশ সোসাইটি-র ঘাটাল মহকুমা শাখা। বিশিষ্ট চিকিৎসক ডাঃ শিশির কুমার দাসের উপস্থিতিতে দিনভর চলে স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি।
মোট ৬৭ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিন। চিকিৎসা পরিষেবা নিতে ৬৭ জনেরও বেশি রোগী শিবিরে উপস্থিত হন বলে জানা গেছে। শুধু পরীক্ষা নয়, প্রয়োজন অনুযায়ী সকল রোগীকেই বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়, যা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন উপভোক্তারা। শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ শিশির কুমার দাস, ঘাটাল রেডক্রস সোসাইটির রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায়, ভোলানাথ ঘোষ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন। স্থানীয় বাসিন্দাদের কথায়, “আমরা দিন আনি দিন খাই। আলাদা করে স্বাস্থ্য পরীক্ষা করানোর সামর্থ্য নেই। অসুস্থ হলে হাসপাতালে গেলে যে ওষুধ লেখা হয়, সব কেনা সম্ভব হয় না। এই ধরনের শিবির হলে আমাদের মতো মানুষের সত্যিই উপকার হয়।”ঘাটাল রেডক্রস সোসাইটির এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে। মানবিক এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই আশাবাদী স্থানীয়রা।