ঘাটাল রেডক্রশ সোসাইটির উদ্যোগে শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির!
নিজস্ব সংবাদদাতা : দুস্থ শিশু ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ নিল ঘাটাল রেডক্রশ মহকুমা শাখা। শনিবার, ১৪ মার্চ ঘাটালের চন্দননগর সেন্টারে আয়োজিত হল একটি বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির, যেখানে এলাকার বহু দরিদ্র শিশু ও সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পান।এই শিবিরে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি উপস্থিত রোগীদের প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
চিকিৎসক ডাঃ শিশির কুমার দাস এদিন শিবিরে চিকিৎসা পরিষেবা দেন। জানা গেছে, প্রায় ৩৯ জনেরও বেশি রোগী এই শিবিরে এসে চিকিৎসা করান।শুধু স্বাস্থ্য পরীক্ষা নয়, প্রয়োজন অনুযায়ী রোগীদের হাতে বিনামূল্যে ওষুধ তুলে দেওয়া হয়। ফলে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি হন উপস্থিত সকলেই।শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ শিশির কুমার দাস, ঘাটাল রেডক্রস সোসাইটির রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায়, ভোলানাথ ঘোষ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
ঘাটাল রেডক্রশ সোসাইটির উদ্যোগেই এই বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকার অধিকাংশ মানুষই দিনমজুর বা স্বল্প আয়ের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো বা ডাক্তারের দেওয়া সমস্ত ওষুধ কেনা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই এই ধরনের স্বাস্থ্য শিবির আয়োজিত হলে সাধারণ মানুষের অনেকটাই উপকার হয়। তাদের মতে, ভবিষ্যতেও যদি এ ধরনের উদ্যোগ নেওয়া হয়, তাহলে এলাকার দরিদ্র মানুষ আরও বেশি উপকৃত হবেন।