প্রবল জলের স্রোতে ক্ষতিগ্রস্ত ঘাটালের ঐতিহ্যবাহী ভাসাপোল, ব্যাহত যোগাযোগ!

সেখ ওয়ারেশ আলী : নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ক্রমশ অবনতি হচ্ছে পরিস্থিতির। বাড়ছে নদী ও জলাধারের জলস্তর। এরই মধ্যে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বৃদ্ধির জেরে প্রবল জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হলো ব্রিটিশ আমলে তৈরি ঘাটালের ঐতিহ্যবাহী ভাসাপোল।প্রবল স্রোতের ধাক্কায় ভাসাপোলের পাটাতনের একটি বড় অংশ খুলে গিয়ে জলের সঙ্গে ভেসে যায়। এর ফলে ব্যাহত হয়েছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন এই ভাসাপোল দিয়ে বহু মানুষ যাতায়াত করেন।

পাটাতনের একাংশ ভেসে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটালের নিমতলা এলাকায় জলের প্রবল স্রোতে একটি বাঁশের সাঁকো ভেঙে যায়। সেই সাঁকোর ভাঙা অংশের পাশাপাশি নদীর জলে ভেসে আসা পানা ও অন্যান্য ভাসমান সামগ্রী স্রোতের সঙ্গে ভেসে এসে ভাসাপোলে ধাক্কা মারে। জলের প্রবল চাপ সামলাতে না পেরে শেষ পর্যন্ত ভাসাপোলের পাটাতনের একটি বড় অংশ খুলে গিয়ে ভেসে যায়।ঘটনার খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে ভাসাপোলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের দ্রুত ঘটনাস্থলে নামানো হয়।

জানা গিয়েছে, জলের তোড়ে ভাসাপোলের বেশ কয়েকটি পাটাতন কয়েক কিলোমিটার দূরে ভেসে চলে গিয়েছে।এদিকে, শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকায় ঘাটাল মহকুমার একাধিক এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। নদীর জলস্তর এবং বিভিন্ন এলাকার পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।প্রশাসনের তরফে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তবে ভাসাপোল ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।