ঘাটালে আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা, অংশ নিলেন ২৫০-র বেশি প্রতিযোগী!
নিজস্ব সংবাদদাতা:১৫ই মার্চ, রবিবার,পশ্চিম মেদিনীপুর জেলা যোগাসন সংস্থার অনুমোদিত সংস্থা যোগা কিউর-এর উদ্যোগে ঘাটালে অনুষ্ঠিত হল আন্তঃ ক্লাব যোগাসন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ ছিল বয়স্ক মহিলা ও পুরুষ দের প্রতিযোগিতা ও অনুষ্ঠান এবং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন থেকে টাইটেল উইনার। মোট নয়টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, প্রতি বিভাগে প্রথম দশজনকে পুরস্কৃত করা হয়।
এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৫০-রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।যোগাসনের প্রতি নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান যোগ ফেডারেশনের ন্যাশনাল যোগাসন বিচারক ও ওয়েষ্টবেঙ্গল যোগা স্পোর্টস সোসাইটির কার্যকরী সদস্য আলোক কুমার পাল। বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিচারক সিদ্ধেশ্বর সিনহা ও চিনাংশুক দাস, রাজ্য বিচারক তপন চন্দ্র,টোটন রায়, অরিজিৎ সাহু ও হরিসাধন পড়িয়া, বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংস্থার ছাত্রীরা আকর্ষণীয় যোগ নৃত্য পরিবেশন করে।
বিভিন্ন বয়সের প্রতিযোগীরা দক্ষতার সঙ্গে যোগাসনের নানা আসন প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন।আয়োজকদের মতে, এই ধরনের প্রতিযোগিতা একদিকে যেমন যোগাসনের চর্চা বাড়ায়, তেমনই তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে অনুপ্রাণিত করে।