ম্যাক্রোঁর সফরে বলিউডের ঝলক—সিনেমা ও সংস্কৃতির সেতুতে ভারত-ফ্রান্সের নতুন বার্তা!
নিজস্ব সংবাদদাতা : ভারত সফরে এসে এক অনুপ্রেরণামূলক সন্ধ্যার সাক্ষী থাকলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রবীণ অভিনেতা অনিল কাপুর, মনোজ বাজপেয়ী, রিচা চাড্ডা, শাবানা আজমি, জোয়া আখতার এবং গ্র্যামি-জয়ী সঙ্গীত পরিচালক রিকি কেজ-সহ একাধিক বলিউড ব্যক্তিত্বের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত কাটান তিনি। এই বিশেষ সাক্ষাৎ ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনিল কাপুর নিজেই।সোশ্যাল মিডিয়ায় প্রবীণ অভিনেতা অনিল কাপুর জানান, বৈঠকে সিনেমা, সংস্কৃতি এবং ভারত-ফ্রান্সের মজবুত সম্পর্ক নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়েছে।
মিস্টার ইন্ডিয়া-খ্যাত এই অভিনেতা লিখেছেন, রাষ্ট্রপতি ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁ-র সঙ্গে ভাবনার আদান-প্রদান ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে এবং নতুন গল্প বলার পথ খুলবে।
অন্যদিকে নিজের অফিসিয়াল X হ্যান্ডেলে কয়েকটি মুহূর্তের ছবি শেয়ার করে ম্যাক্রোঁ লিখেছেন, “ভারতীয় সিনেমার কিংবদন্তিদের সঙ্গে সময় কাটালাম। সংস্কৃতিই আমাদের একত্রিত করে।”মঙ্গলবার মুম্বাই পৌঁছে দিন শুরু করেন ম্যাক্রোঁ। ভোরে তাকে মেরিন ড্রাইভ-এর কোস্টাল রোডে জগিং করতে দেখা যায়।
এরপর তিনি ও ব্রিজিট ম্যাক্রোঁ ২০০৮ সালের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে তাজমহল প্যালেস হোটেল-এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গেও বৈঠক করেন ম্যাক্রোঁ। লোকভবনে সাক্ষাতের সময় উষ্ণ আলিঙ্গনে ফরাসি রাষ্ট্রপতিকে স্বাগত জানান মোদী। পরে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ছবিসহ লিখেছেন, মুম্বাইয়ে তার বন্ধু ম্যাক্রোঁর সঙ্গে দেখা করে তিনি আনন্দিত, আর ম্যাক্রোঁ নিজেও শহর ও সকালের দৌড় উপভোগ করেছেন বলে জানান।ভারত-ফ্রান্স সম্পর্কের কূটনৈতিক বার্তার পাশাপাশি এই সফর যেন সংস্কৃতি ও সিনেমার মাধ্যমে দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করার এক নতুন ইঙ্গিত দিল।