স্বাধীনতার ৮০ বছরে মীরপুরে যোগ শিবিরের বর্ণাঢ্য আয়োজন!
নিজস্ব সংবাদদাতা:দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে খড়্গপুরের মীরপুর গ্রামে মীরপুর যোগ শিবিরের উদ্যোগে দিনটি পালিত হল আনন্দ ও উৎসাহের সঙ্গে। মীরপুর মনোছন্দা উৎসব অঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বাসিন্দাদের পাশাপাশি খড়্গপুর শহরের বিভিন্ন যোগ শিবিরের সদস্যরাও অংশগ্রহণ করেন।নিবেদিতা বাগের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয় বিশেষ স্মরণসভা। সভায় শহীদদের আত্মত্যাগ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নাচ, গান-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মীরপুর যোগ শিবিরের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিদের তেরঙ্গা উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। সম্মানিত ব্যক্তিদের মধ্যে ছিলেন যোগগুরু স্বপন মহাপাত্র, যোগগুরু চিত্ত মান্না, খড়্গপুরের বিশিষ্ট সনাতন বৈদিক শাস্ত্রজ্ঞ ও যোগগুরু ড. চন্দ্রকান্ত শর্মা, যোগগুরু চন্দ্রকান্ত রাঠোর, যোগগুরু শম্ভুজি, কবি নিমাই সিং এবং এলাকার বিশিষ্ট গুণী ব্যক্তি দিলীপ রায়।এরপর ভগবানের সেবা ও স্মরণে যোগ শিবিরের পক্ষ থেকে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যজ্ঞ শেষে বের হয় বর্ণাঢ্য প্রভাতফেরি। প্রভাতফেরিতে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলকে আরও আকর্ষণীয় করে তুলতে যোগ শিবিরের সদস্যারা অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন।প্রভাতফেরি শেষে উৎসব প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন দিলীপ রায়। এরপর তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজকরা। পরে যোগ শিবিরের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য ছোলা সেদ্ধ, মুড়ি ও জলযোগের ব্যবস্থা করা হয়। পাশাপাশি পরিবেশন করা হয় ব্রাহ্মী রসের শরবত।সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন ড. চন্দ্রকান্ত শর্মা। তাঁকে বিভিন্ন সময়ে সহযোগিতা করেন শম্ভুজি ও চিত্ত মান্না। স্বাধীনতা দিবস উপলক্ষে মীরপুর যোগ শিবিরের এই আয়োজন এলাকায় দেশাত্মবোধ, সামাজিক সম্প্রীতি ও সুস্থ জীবনচর্চার এক সুন্দর বার্তা তুলে ধরে।