নেতৃত্বের নতুন অধ্যায়: গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলে আড়ম্বরপূর্ণ ইনভেস্টিচার সেরিমনি!
নিজস্ব সংবাদদাতা : নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গ্রিফিনস ইন্টারন্যাশনাল স্কুলে সগৌরবে পালিত হলো ‘ইনভেস্টিচার সেরিমনি ২০২৬-২৭’। গাম্ভীর্য ও আভিজাত্যে মোড়া এই অনুষ্ঠান কেবল আনুষ্ঠানিক দায়িত্ব অর্পণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং ছাত্রছাত্রীদের মধ্যে আদর্শ নেতৃত্বের বীজ রোপণের এক গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে ধরা দিল।সুমধুর যন্ত্রসংগীতের আবহে বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি অভিষেক কুমার যাদব, অধ্যক্ষ প্রদীপ কুমার সামল এবং প্রধান অতিথি ললিত সিং, যিনি বর্তমানে Indian Institute of Technology, Kharagpur-এর ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত।
এরপর বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়—যা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বের মূল্যবোধকে প্রতীকীভাবে তুলে ধরে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্কুল কাউন্সিল সদস্যদের ব্যাজ ও উত্তরীয় প্রদান। ‘হেড বয়’, ‘হেড গার্ল’, সহকারী প্রতিনিধি এবং বিভিন্ন হাউসের ক্যাপ্টেন ও সম্পাদকদের এই সম্মানে ভূষিত করা হয়। হক, ফিনিক্স, ফ্যালকন ও কাইট—এই চারটি হাউসের ছাত্রনেতাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করা হয়, যা বিদ্যালয়ের সাংগঠনিক কাঠামোকে আরও সুদৃঢ় করে।
শপথ গ্রহণ পর্বে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। নবনিযুক্ত ছাত্রনেতারা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের কর্তব্য পালনের অঙ্গীকার করেন—যা ভবিষ্যতের নেতৃত্ব গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।প্রধান অতিথি লেফটেন্যান্ট কমান্ডার ললিত সিং তাঁর বক্তব্যে বলেন, “আজকের শিক্ষা-ই আগামী ভারতের পথ নির্দেশ করবে।” তিনি জোর দিয়ে জানান, শুধুমাত্র পুঁথিগত জ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধই একজন প্রকৃত নেতার পরিচয় গড়ে তোলে।সভাপতি অভিষেক কুমার যাদব তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “প্রতিটি হাউসের প্রতীক শিকারী পাখি—যা শক্তি, একাগ্রতা ও লক্ষ্যে অবিচল থাকার প্রতীক। সেই আদর্শ অনুসরণ করেই কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তোমাদের এগিয়ে যেতে হবে।” তাঁর এই বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে আত্মনিবেদন ও দৃঢ় সংকল্পের গুরুত্বকে নতুন করে তুলে ধরে।