বেতন চুক্তি নিয়ে অচলাবস্থা, হলদিয়ার শিল্পতালুকে বেসরকারি ব্যাটারি কারখানায় কর্মবিরতি!

নিজস্ব সংবাদদাতা :  হলদিয়ার শিল্পাঞ্চলে ফের শ্রমিক অস্থিরতা। বেতন চুক্তির দাবিকে সামনে রেখে একটি বেসরকারি ব্যাটারি প্রস্তুতকারী সংস্থায় কর্মবিরতিতে সামিল হয়েছেন ঠিকা শ্রমিকরা। মঙ্গলবার দুপুর দু’টো থেকে কারখানার উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে সূত্রের খবর। পরিস্থিতি ঘিরে প্রশাসনিক মহলেও নড়চড় শুরু হয়েছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, গত বছরের ২৫ নভেম্বর নতুন বেতন চুক্তির দাবিতে শ্রমিকদের তরফে হলদিয়ার ডেপুটি লেবার কমিশনারের দফতরে দাবি সনদ জমা পড়ে। সেই সূত্রে দু’দফা বৈঠকও হয়। গত মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ফের ডেপুটি লেবার কমিশনারের অফিসে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। কিন্তু তার পরেই আচমকা উৎপাদন বন্ধ করে দেন শ্রমিকরা। সংস্থার অভিযোগ, মঙ্গলবার দুপুর দু’টো থেকে সম্পূর্ণভাবে উৎপাদন স্তব্ধ করে স্লোগান দিতে শুরু করেন শ্রমিকরা। এর আগে গত ১৯ ফেব্রুয়ারিও একইভাবে দুপুর দু’টো থেকে কাজ বন্ধ হয়ে যায়। যদিও সেদিন রাত দশটা নাগাদ ফের উৎপাদন শুরু হয়। কিন্তু এবারের কর্মবিরতি দীর্ঘায়িত হয়েছে। বর্তমানে কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ।ঘটনার বিস্তারিত জানিয়ে চিঠি পাঠানো হয়েছে জেলাশাসক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার, মহকুমা শাসক (হলদিয়া) এবং ডেপুটি লেবার কমিশনারের কাছে। চিঠিতে এই কর্মবিরতিকে ‘বেআইনি’ বলেও উল্লেখ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি জেলা প্রশাসনের হস্তক্ষেপও চাওয়া হয়েছে।ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত জানিয়েছেন, দাবি সনদ নিয়ে আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু এরপর শ্রমিকরা কেন কর্মবিরতিতে গেলেন তা স্পষ্ট নয়। তিনি জানান, মালিকপক্ষের চিঠি দফতরে পৌঁছেছে এবং পরবর্তী বৈঠকের দিনও নির্ধারিত হয়েছে।এদিকে বিষয়টি জানিয়ে জেলা প্রশাসনের পাশাপাশি হলদিয়া বিধানসভার বিধায়ক তথা হলদিয়া আইএনটিটিউসি কোর কমিটির চেয়ারম্যান তাপসী মণ্ডল এবং কনভেনার শ্যামল মাইতিকেও চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।শিল্পাঞ্চলে এই অচলাবস্থা কতদিন স্থায়ী হয়, তা এখন দেখার। তবে উৎপাদন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে—এ নিয়ে উদ্বেগে মালিকপক্ষ যেমন, তেমনি অনিশ্চয়তায় শ্রমিকরাও।