‘হর ঘর তেরঙ্গা’য় দেশাত্মবোধের বার্তা, পথচলতি মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দিল তরুণ সংঘ ব্যায়ামাগার

সেখ ওয়ারেশ আলী: রাত পোহালেই ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশজুড়ে চলছে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। সেই আবহেই দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল মেদিনীপুর শহরের তরুণ সংঘ ব্যায়ামাগার। শুক্রবার সন্ধ্যায় ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ক্লাবের সামনে দিয়ে যাতায়াতকারী পথচলতি মানুষ এবং এলাকার বাসিন্দাদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সাধারণ মানুষের মধ্যে দেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও জাতীয়তাবোধ আরও জোরদার করতেই এই উদ্যোগ বলে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।ক্লাব সদস্যরা হাতে জাতীয় পতাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে প্রতিটি বাড়ি, ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত সদস্যরা। হাতে জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের আবহে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দেন ক্লাব সদস্যরা।