মেদিনীপুর কলেজে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, শ্রদ্ধায় স্মরণ শহিদ ক্ষুদিরাম বসুকে

নিজস্ব সংবাদদাতা : দেশপ্রেম ও জাতীয় চেতনার বার্তা নিয়ে মেদিনীপুর কলেজে পালিত হল ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। একইসঙ্গে মহান বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়।মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসুর অসামান্য আত্মত্যাগ ও বীরত্বের কথা স্মরণ করা হয়। তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপস্থিতরা দেশের স্বাধীনতার জন্য তাঁর আত্মবলিদানকে কুর্নিশ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড. অসিত পণ্ডা-সহ কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী,ছাত্র-ছাত্রী ও অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বক্তারা স্বাধীনতা সংগ্রামীদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বের কথা বলেন।‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। অন্যদিকে,মাত্র ১৮ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য ফাঁসির মঞ্চে আত্মবলিদান দেওয়া ক্ষুদিরাম বসুর জীবন ও আদর্শ তরুণ প্রজন্মকে দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধ হতে অনুপ্রাণিত করবে বলেও মত প্রকাশ করেন উপস্থিতরা। দেশপ্রেম ও শহিদ স্মরণের এই যৌথ কর্মসূচিতে কলেজ চত্বর জুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।