বুড়িশোলে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের,NSS ও UBA-র উদ্যোগে বিশেষ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা : দেশপ্রেম, জাতীয় সংহতি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে বুড়িশোল গ্রামে অনুষ্ঠিত হল বিশেষ ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের NSS Cell ও Unnat Bharat Abhiyan (UBA)-এর উদ্যোগে মঙ্গলবার, ১১ আগস্ট এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে গ্রামের বাসিন্দা, স্কুলের ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।কর্মসূচির মূল লক্ষ্য ছিল জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গড়ে তোলার পাশাপাশি প্রতিটি বাড়িতে তিরঙ্গা উত্তোলনের মাধ্যমে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের চেতনাকে আরও শক্তিশালী করা। এই উপলক্ষে গ্রামবাসী ও স্কুলের পড়ুয়াদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। পতাকা হাতে পেয়ে তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।শুধু দেশাত্মবোধের বার্তা নয়, সামাজিক দায়বদ্ধতার দিকটিও গুরুত্ব পায় এই উদ্যোগে। আর্থিকভাবে অসচ্ছল ও প্রয়োজনমতো সহায়তা প্রয়োজন এমন গ্রামবাসীদের হাতে প্রয়োজনীয় পোশাক ও ড্রেস সামগ্রী তুলে দেওয়া হয়। এর মাধ্যমে NSS-এর সামাজিক সেবামূলক কার্যক্রম এবং Unnat Bharat Abhiyan-এর মাধ্যমে গ্রামীণ মানুষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা উঠে আসে।
এদিনের কর্মসূচিতে বিশেষ তাৎপর্য যোগ করে শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের স্মরণ। ১১ আগস্ট তাঁর ফাঁসির দিনকে স্মরণ করে মহান বিপ্লবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মাত্র ১৮ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ ও সাহসের কথা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়। তাঁর আদর্শ তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সাহস ও আত্মনিবেদনের পথে অনুপ্রাণিত করবে বলে উপস্থিতরা জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের NSS Programme Coordinator অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, IQAC-এর Director অধ্যাপক মধুমঙ্গল পাল-সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও প্রতিনিধিরা। তাঁরা ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন এবং জাতীয় স্বার্থে সামাজিক দায়বদ্ধতা পালনের গুরুত্ব তুলে ধরেন।বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। দেশপ্রেমের আবেগের পাশাপাশি সামাজিক সেবা ও গ্রামীণ উন্নয়নের কাজে তরুণ প্রজন্মের এই অংশগ্রহণ অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।