IPL থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, চাপে KKR!

নিজস্ব সংবাদদাতা: নতুন পেসার হিসেবে ব্লেসিং মুজারাবানির নাম ঘোষণার দিনেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে এবারের আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেছেন তরুণ ভারতীয় পেসার হর্ষিত রানা। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই বোলিং বিভাগে বড়সড় সমস্যার মুখে পড়ল নাইট শিবির। উল্লেখ্য, বিশ্বকাপের আগে নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একটি প্রস্তুতি ম্যাচে চোট পান হর্ষিত। প্রোটিয়া ইনিংসে বল করতে গিয়েই সমস্যায় পড়েন তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকেও বাদ পড়তে হয় তাকে। পরে অস্ত্রোপচার করাতে হয় ভারতীয় এই পেসারকে। তাঁর পরিবর্তে বিশ্বকাপ দলে সুযোগ পান মহম্মদ সিরাজ। প্রথমে মনে করা হয়েছিল আইপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচে না খেললেও পরে দলে ফিরতে পারেন হর্ষিত। কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। ফলে বড় ধাক্কা খেল কেকেআর। দলীয় সূত্রে জানানো হয়েছে, “হর্ষিত রানাকে এবার আর পাওয়া যাবে না। তবে বৈভব অরোরা, উমরান মালিক ও কার্তিক ত্যাগির মতো বোলারদের নিজেদের প্রমাণ করার সুযোগ দেওয়া হবে। এখনও পর্যন্ত কোনও বিকল্প ক্রিকেটারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।” তবে শোনা যাচ্ছে, প্রয়োজনে আকাশ মাধওয়ালকে দলে নেওয়ার কথা ভাবতে পারে কেকেআর ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে বেশ পরিকল্পনা করেই বোলিং বিভাগ গড়ে তুলেছিল নাইটরা। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই একের পর এক সমস্যায় পড়েছে দলটি। রাজনৈতিক বিতর্কের জেরে আইপিএল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। তার উপর হর্ষিত রানার চোটে পরিস্থিতি আরও কঠিন হয়েছে। এদিকে বিশ্বকাপ চলাকালীন হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন মাথিশা পাথিরানাও। তিনি কবে ফিরবেন তা এখনও স্পষ্ট নয়। ফলে বৈভব অরোরা, উমরান মালিক, আকাশ দীপদের পাশাপাশি এখন কেকেআরের বড় ভরসা নতুন সংযোজন ব্লেসিং মুজারাবানি।