পয়লা বৈশাখে ‘স্বপ্নানীড়’-এ মানবিক মুহূর্ত, ভবঘুরেদের সঙ্গে সময় কাটিয়ে মধ্যাহ্নভোজ করালেন প্রদীপ সরকার!
নিজস্ব সংবাদদাতা : সাধারণত ১৫ এপ্রিল পয়লা বৈশাখ পড়ে, আর এই দিনটি বাঙালির কাছে শুধু নতুন বছরের সূচনাই নয়, আচার-অনুষ্ঠান, হালখাতা, গৃহপুজো ও শুভ সূচনার এক বিশেষ দিন। দোকানে দোকানে হালখাতা থেকে বাড়িতে বাড়িতে পুজো—শাস্ত্রমতে এই দিনের আলাদা মাহাত্ম্য রয়েছে। তাই নতুন বছরকে শুভ করে তুলতে অনেকেই নানা নিয়ম-রীতি মেনে চলেন এবং গৃহলক্ষ্মীর আশীর্বাদ কামনা করেন।এই বিশেষ দিনেই খড়গপুর শহরের ভবঘুরেদের আশ্রয়কেন্দ্র ‘স্বপ্নানীড়’-এ এক মানবিক উদ্যোগে অংশ নিলেন শহরের ঘরের ছেলে প্রদীপ সরকার। পয়লা বৈশাখ উপলক্ষে তিনি সেখানে উপস্থিত হয়ে আবাসিকদের সঙ্গে কাটালেন কিছু আন্তরিক ও স্মরণীয় মুহূর্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদীপ সরকার, কল্যাণী ঘোষ, অসিত পাল-সহ আরও অনেকে। আশ্রয়কেন্দ্রের বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে বসে গল্প, আড্ডা, হাসি-মজা করে সময় কাটান তাঁরা। নতুন বছরের দিনে এই সহজ-সরল মানবিক সংযোগ যেন আবাসিকদের মুখে এনে দেয় অন্যরকম আনন্দের হাসি।সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রদীপ সরকার নিজ হাতে প্রত্যেক আবাসিককে মধ্যাহ্নভোজ পরিবেশন করেন।
হঠাৎ করে পাওয়া এই ভালোবাসা, যত্ন ও আন্তরিকতায় আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা অত্যন্ত খুশি হন।পয়লা বৈশাখের শুভক্ষণে এই উদ্যোগ শুধু উৎসবের আনন্দই বাড়ায়নি, বরং সমাজের প্রান্তিক মানুষদের পাশে থাকার এক উজ্জ্বল মানবিক বার্তাও তুলে ধরেছে।