চাকার ওপর জন্ম নিল নতুন প্রাণ—Indian Railways-এর মানবিকতায় হৃদয় ছুঁয়ে গেল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ঘটনা!

নিজস্ব সংবাদদাতা :  রায়পুর থেকে শালিমারগামী ১২১০১ নম্বর জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে ঘটে গেল এক বিরল ও হৃদয়স্পর্শী মুহূর্ত। ট্রেনটি খড়গপুর স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই S4 কোচে যাত্রী মিনারা মোল্লার প্রসববেদনা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎপর হয়ে ওঠেন কর্তব্যরত টিকিট পরীক্ষক ও RPF কর্মীরা। ট্রেনটির রুট অনুযায়ী খড়গপুরের পর শালিমার গন্তব্য হওয়ায় দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হয়।

সংকটময় সেই সময়ে রেলকর্মীদের অসাধারণ তৎপরতা, সহমর্মিতা ও উপস্থিত বুদ্ধির জেরে ট্রেনের ভেতরেই নিরাপদে জন্ম নেয় এক সুস্থ কন্যাসন্তান। শালিমার স্টেশনে পৌঁছানোর পর মা ও নবজাতক—উভয়কেই প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।এই ঘটনা ফের একবার প্রমাণ করল, Indian Railways শুধু যাত্রী পরিবহণই নয়, প্রয়োজনে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্তও গড়ে তোলে। কর্তব্যের সীমানা ছাড়িয়ে যাত্রীসেবা, নিরাপত্তা ও সহমর্মিতার যে নজির রেলকর্মীরা স্থাপন করলেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।