আজ আইপিএল শুরুতেই হাইভোল্টেজ লড়াই, কোহলি বনাম ঈশানের হায়দরাবাদ!

নিজস্ব সংবাদদাতা: শনিবার থেকেই শুরু হচ্ছে আইপিএলের নতুন মরশুম, আর উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি বেঙ্গালুরু ও হায়দরাবাদ। প্রথম ম্যাচ ঘিরেই উত্তেজনা তুঙ্গে, কারণ দীর্ঘ বিরতির পর আবারও সংক্ষিপ্ততম ফরম্যাটে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি।আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এই প্রথমবার আইপিএলে খেলতে দেখা যাবে কোহলিকে। ফলে তাঁর প্রত্যাবর্তন ঘিরে আগ্রহ তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ম্যাচের আগের দিন বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়ে দিয়েছেন, কোহলি এখন সম্পূর্ণ প্রস্তুত এবং সাফল্যের জন্য ক্ষুধার্ত। ফ্লাওয়ার বলেন, “নেটে কোহলির ব্যাটিং খুব কাছ থেকে দেখছি। ও নিজের সেরা ফর্মে রয়েছে। ফিটনেস দুর্দান্ত, প্রতিদিন কঠোর পরিশ্রম করছে। ও সব সময়ই ক্ষুধার্ত থাকে। মানসিক দিক থেকেও খুব স্বস্তিতে রয়েছে এবং নিজেকে আবার প্রমাণ করার জন্য মুখিয়ে আছে।” তিনি আরও যোগ করেন, “সেরা ক্রিকেটারেরা অনুশীলন ও ম্যাচ—দুটোকেই একই গুরুত্ব দেয়। সচিন তেন্ডুলকরকেও সেইভাবে দেখেছি। কোহলিও সেই পথেই হাঁটে। একজন কোচ হিসেবে ওর ব্যাটিং উপভোগ করি, এবং নিশ্চিতভাবেই বলতে পারি, ও এখন অসাধারণ ফর্মে রয়েছে।” উল্লেখ্য, জানুয়ারিতে দেশের হয়ে শেষবার মাঠে দেখা গিয়েছিল কোহলিকে। প্রায় দু’মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তিনি। অন্যদিকে, অস্ট্রেলিয়ার পেসার জশ হেজ়লউড দলে যোগ দিলেও প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন ফ্লাওয়ার।

অন্যদিকে, হায়দরাবাদ শিবিরেও রয়েছে কিছুটা পরিবর্তন। চোটের কারণে প্রথম কয়েকটি ম্যাচে অধিনায়ক প্যাট কামিন্স খেলতে পারবেন না। তবে দল ভরসা রাখছে তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিশনের নেতৃত্বের উপর। হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি বলেন, “ঈশান অনেক দিন ধরে আইপিএল খেলছে এবং বিভিন্ন দলে সফল হয়েছে। ও আত্মবিশ্বাসী এবং রাজ্য দলকে নেতৃত্ব দিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতিয়েছে। তাই ওকে নেতা হিসেবে বেছে নেওয়া সঠিক সিদ্ধান্ত।” ঈশানের সঙ্গে ওপেনিংয়ে অভিষেক শর্মার জুটিকেও দলের বড় শক্তি হিসেবে দেখছেন ভেট্টোরি। তাঁর কথায়, “ঈশান এবং অভিষেক খুব ভাল বোঝাপড়ার মধ্যে খেলে। ওরা ভাল বন্ধু এবং একে অপরকে ভালোভাবে বোঝে। আশা করছি, দু’জনেই সামনে থেকে দলকে নেতৃত্ব দেবে।”সব মিলিয়ে আইপিএলের উদ্বোধনী ম্যাচেই জমে উঠতে চলেছে হাইভোল্টেজ লড়াই। একদিকে অভিজ্ঞ কোহলির ব্যাট, অন্যদিকে ঈশানের নেতৃত্বে নতুন হায়দরাবাদ—ক্রিকেটপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর সূচনার অপেক্ষা।