দিল্লির ঐতিহ্যবাহী কাশ্মীরি গেট দুর্গাপুজোয় জার্মান রাষ্ট্রদূত, শিল্পকলা ও সম্প্রীতিতে মুগ্ধ দম্পতি!
নিজস্ব সংবাদদাতা: দিল্লির ঐতিহাসিক কাশ্মীরি গেট দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করলেন জার্মান রাষ্ট্রদূত ডঃ জ্যাসপার ভিক (Dr. Jasper Wieck) এবং তাঁর স্ত্রী। ১৯১০ সালে প্রতিষ্ঠিত এই দুর্গাপুজো দিল্লির প্রাচীনতম বারোয়ারি দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম। মণ্ডপে উপস্থিত হয়ে তাঁরা মা দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং নারীশক্তির বন্দনা করেন।দুর্গাপুজোকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্পকলা, বাঙালির ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য দেখে মুগ্ধ হন জার্মান রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী। পাশাপাশি, এই উৎসবকে ঘিরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলন, পারস্পরিক শ্রদ্ধা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশের ভূয়সী প্রশংসা করেন তাঁরা।দিল্লির বুকে শতাব্দীপ্রাচীন এই দুর্গোৎসব শুধু বাঙালির ধর্মীয় আবেগের প্রতিফলন নয়, বরং ভারতের বহুত্ববাদী সংস্কৃতি ও ঐক্যেরও এক উজ্জ্বল নিদর্শন। রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রীর এই মণ্ডপ পরিদর্শন দুর্গাপুজোর আন্তর্জাতিক সাংস্কৃতিক গুরুত্বকেও তুলে ধরেছে।